গৃহযুদ্ধের ঝুঁকিতে ইয়েমেন: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মানবাধিকার পরিষদ তাদের এক প্রতিবেদনে বলেছে, ইয়েমেনের রাজনৈতিক অস্থিরতার দ্রুত সমাধান না হলে দেশটি গৃহযুদ্ধের মুখে পড়বে।ওই প্রতিবেদনের উল্লেখ করে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, মধ্যপ্রাচ্য জাগরণের অংশ হিসেবে চলতি বছরের শুরুর দিকে ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভ দেখা দেয়। বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর বিরোধীদের ওপর সহিংসতা চালায়। এরই পরিপ্রেক্ষিতে গত জুলাইয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদ দেশটিতে তিন সদস্যের একটি তদন্ত দল পাঠায়।তদন্ত দল তাদের প্রতিবেদনে ইয়েমেনে গৃহযুদ্ধের ঝুঁকি থাকার বিষয়ে সতর্ক করেছে। তদন্ত দলের প্রধান হ্যানি মেঘালি বলেছেন, ‘সুস্পষ্টভাবে দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছে।’তদন্তকারীরা দেশটিতে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছেন। সংস্থাটির মতে, শিশুরাও এই হত্যা, নির্যাতন থেকে রক্ষা পায়নি। মানবাধিকার পরিষদ দেশটিতে বেসামরিক লোকদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর হামলা দ্রুত বন্ধ করতে ইয়েমেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ইয়েমেনের বেসামরিক লোকদের ওপর নির্যাতন করার জন্য জাতিসংঘের তদন্ত দল বিরোধী উপজাতি ও ইসলামপন্থীদেরও সমালোচনা করেছে।জাতিসংঘের মানবাধিকার পরিষদ বলেছে, সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় শত শত ইয়েমেনি বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে।সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করেছে।