গৃহযুদ্ধের ব্যাপারে সতর্ক করলেন গাদ্দাফির ছেলে
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম দেশটিতে গৃহযুদ্ধের ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, গৃহযুদ্ধ শুরু হলে লিবিয়ায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে বলে তিনি গতকাল রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে এক দীর্ঘ বক্তৃতায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সাইফ অভিযোগ করেন, বাইরের লোকজনই লিবিয়াতে সহিংসতার উসকানি দিচ্ছে। দেশে অস্থিতিশীলতার জন্য তিনি বিরোধীগোষ্ঠী ও ইসলামপন্থীদের অভিযুক্ত করেছেন। লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথম দেশটির উচ্চপর্যায়ের নেতৃত্বে থেকে কোনো বক্তব্য এল।সাইফ অভিযোগ করেন, লিবিয়ার বাইরে অবস্থান করা বিরোধী শক্তিগুলো মিসরের ফেসবুক স্টাইলের অভ্যুত্থান শুরু করার চেষ্টা করছে। কিন্তু নিরাপত্তা বাহিনী আগেই এ ষড়যন্ত্র টের পেয়েছে। তিনি বলেন, ‘লিবিয়ার পরিস্থিতি তিউনিসিয়া ও মিসরের মতো নয়।’ অবশ্য তিনি স্বীকার করেন, বিক্ষোভ দমনের ক্ষেত্রে পুলিশ ও সেনাবাহিনী ‘ভুল’ করেছে। এ ক্ষেত্রে সাইফ যুুক্তি দেন, সেনারা নাগরিক অসন্তোষ মোকাবিলার ক্ষেত্রে প্রশিক্ষিত না হওয়ায় বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালিয়েছে।আরব বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদি এক নায়ক গাদ্দাফির ছেলে গতকালের টেলিভিশন বক্তৃতায় বিদেশি গণমাধ্যমের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিদেশি গণমাধ্যমগুলো লিবিয়ার সহিংসতাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছে। সাইফ বলেন, বেনগাজিতে সব মিলিয়ে নিহত হয়েছে ১৪ জন। অথচ বিদেশি গণমাধ্যমগুলো নিহতের কথা বলছে ২০০। সাইফ হুঁশিয়ার করেন, সরকার টিকে থাকতে ‘শেষ বুলেট দিয়ে হলেও যুদ্ধ করে যাবে।’সাইফ গৃহযুদ্ধের ব্যাপারে সতর্ক করে বলেন, এটি শুরু হলে লিবিয়ায় হাজার হাজার লোকের প্রাণহানি ঘটবে। আর বিরোধীরা সফল হলে লিবিয়ায় বিদেশি বিনিয়োগ বন্ধ এবং জীবনযাত্রার মান নাটকীয়ভাবে পড়ে যাবে। সাইফ লিবিয়ায় রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্রের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, এ বিষয়ে আলোচনা করতে লিবিয়ার পার্লামেন্ট ফোরাম আজ সোমবার বসবে।১৯৬৯ সালে এক সামরিক অভ্যুত্থানে লিবিয়ার ক্ষমতা দখল করেন কর্নেল গাদ্দাফি। তাঁর চার দশকের বেশি শাসনের অবসানের দাবিতে গত মঙ্গলবার থেকে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে, লিবিয়ায় গত কয়েক দিনের সহিংসতায় মৃৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। তবে ইন্টারনেট ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করায় প্রকৃত হতাহতের সংখ্যা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এদিকে সাইফের বক্তৃতার আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা লিবিয়া থেকে পাওয়া খবরে গভীর উদ্বিগ্ন। আর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেইগ গতকাল গাদ্দাফির ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলে সহিংসতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।