গৃহশিক্ষককে প্রলোভন দেখিয়ে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন খতিবের হাটের একটি বাড়িতে দুই শিশুসন্তানসহ মা খুনের ঘটনায় পুলিশ প্রলোভন দেখিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহশিক্ষক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।গ্রেপ্তার হওয়া গৃহশিক্ষকের নাম মোহাম্মদ তারেক (২২)। তিনি শহরতলির কুলগাঁও সিটি করপোরেশন স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। তাঁর গ্রামের বাড়ি ফটিকছড়ির নারায়ণহাট এলাকায়। তাঁর কাছ থেকে নিহত গৃহবধূর লুণ্ঠিত দুটি মুঠোফোন ও রক্তমাখা কাপড়-চোপড় উদ্ধার করেছে পুলিশ। নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, গৃহশিক্ষক তারেক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ওই গৃহবধূর দুই শিশু হয়তো ধর্ষণের দৃশ্য দেখে ফেলেছে, তাই তাদেরও একই সময়ে খুন করা হয়।পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আরও বলেন, ‘গৃহবধূর লাশের সুরতহাল তৈরি করার সময় ধর্ষণের আলামত আমরা পেয়েছি। আর খুন করার সময় তারেকের ডান হাতের তিনটি আঙুল কেটে গেছে, যা দিয়ে অনেক রক্ত ঝরেছে। ওই রক্তের নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।’পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে খতিবের হাটের মা-মনি ভিলা নামের বাড়িতে ওই বাড়ির কাজের মেয়েকে দিয়ে প্রলোভন দেখিয়ে তারেককে নেয়। এ সময় ওত পেতে থাকা নগর গোয়েন্দা ও পাঁচলাইশ থানার পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে নিয়ে ফটিকছড়িসহ বিভিন্ন জায়গায় অভিযানে বের হয় পুলিশ। পুলিশের তিনটি দলের সদস্যরা পৃথকভাবে এই অভিযান চালাচ্ছে।প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় দুই শিশুসন্তান আলভি, পায়েলসহ ডলি খুন হন। দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পুলিশ গুরুত্বপূর্ণ আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহূত দা ও ছোরা ডলির লাশের পাশ থেকে উদ্ধার করেছে। খতিবের হাট এলাকার মা-মনি ভিলা নামের পাঁচতলার বাসায় এই নৃশংস খুনের ঘটনা ঘটে।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, নারায়ণহাটের বাড়ি থেকে তারেকের রক্তমাখা কাপড় ও লুণ্ঠিত মুঠোফোন উদ্ধার করা হয়েছে। খুন করার সময় তারেকের ডান হাতের তিনটি আঙুল কেটে যায়। ওই আঙুল দিয়ে রক্ত ঝরেছে। পরে তিনি শহরতলির হামজারবাগের একটি ওষুধ বিক্রির দোকানে কাটা আঙুল সেলাই করেন। সেখান থেকে গ্রামের বাড়ি নারায়ণ হাটে চলে যান।