গৃহশ্রমিকদের অধিকারের নীতিমালা চূড়ান্ত করছে না মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহশ্রমিকদের অধিকার রক্ষায় খসড়া নীতিমালাটি চূড়ান্ত করছে না শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা’-এর খসড়াটি শিগগিরই চূড়ান্ত হবে, এমন আশ্বাস দিয়ে আসছে ২০০৯ সাল থেকে। মন্ত্রণালয় চূড়ান্ত করলেই মন্ত্রিসভা তা অনুমোদন করবে।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘শিগগিরই খসড়াটি চূড়ান্ত করা হবে। তবে অনুমোদনের জন্য তা মন্ত্রিসভায় পাঠাতে কত দিন লাগবে, তা ঠিক বলা যাচ্ছে না।’সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মন্ত্রণালয়ের এই ‘শিগগিরই’ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কেননা, সরকার খসড়া নীতি ঘষামাজা করছে কয়েক বছর ধরে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০০৬ সালের শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী, দেশে ১৫ বছরের বেশি বয়সী গৃহশ্রমিকের সংখ্যা তিন লাখ ৩১ হাজার। তবে খসড়া নীতিমালায় বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, দেশে বর্তমানে গৃহশ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি।উদ্যোগের শুরু: বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উপপরিচালক (আইন) ফরিদা ইয়াসমীন প্রথম আলোকে বলেন, ২০০৬ সালের শ্রম আইন থেকে গৃহশ্রমিকদের বিষয়গুলো বাদ দেওয়া হয়েছিল। গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করতে আইনে অনেক পরিবর্তন আনতে হবে বলে সরকার তাতে রাজি হয়নি। তখন থেকেই বিভিন্ন সংগঠন গৃহশ্রমিকদের কল্যাণে নীতিমালা তৈরির চিন্তাভাবনা শুরু করে।২০০৬ সালে কয়েকটি শ্রমিক ও মানবাধিকার সংগঠন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠায় নেটওয়ার্ক গঠন করে। নেটওয়ার্কটি ২০০৮ সালে গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করার জন্য স্মারকলিপি দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে ও ‘গৃহশ্রমিকের অধিকার সুরক্ষা ও কল্যাণ আচরণবিধি’ তৈরির সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের কমিটি আচরণবিধি তৈরির দায়িত্ব দেয় ওই নেটওয়ার্ককে। নেটওয়ার্ক ‘গৃহশ্রমিকের অধিকার সুরক্ষা ও কল্যাণ আচরণবিধি’র খসড়া তৈরি করে ২০০৯ সালের ৯ এপ্রিল মন্ত্রণালয়ে জমা দেয়। ওই আচরণবিধির আলোকে মন্ত্রণালয় নীতিমালা তৈরির উদ্যোগ নেয়।নেটওয়ার্কের সচিবালয় হিসেবে কাজ করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। সংগঠনটির সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, ২০০৯ সাল থেকে সরকার নীতিমালা ঘষামাজাই করছে। শিগগিরই এ নীতিমালা চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানোর ঘোষণাও দিয়েছে মন্ত্রণালয়। কিন্তু সেটা বাস্তবে হয়নি। তিনি বলেন, ফৌজদারি আইনের আওতায় নির্যাতনের শিকার গৃহশ্রমিক ও তাদের অভিভাবকেরা সুরক্ষা পাচ্ছেন না। কেননা, বেশির ভাগ ক্ষেত্রেই নির্যাতনকারী থাকে সমাজের প্রভাবশালী মহলের কেউ।শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়া নীতিমালা নিয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সভা হয়েছে। বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও সরকার আলোচনা করেছে। এ ছাড়া শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও মতামত দেওয়ার সুযোগ ছিল।নীতিমালায় কী আছে: খসড়া নীতিমালায় বলা হয়েছে, ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে গৃহকাজে নিয়োগ করা যাবে না। কোনো গৃহকর্মীকে তালাবদ্ধ করে রাখা যাবে না। তবে তার নিরাপত্তার কথা বিবেচনা করে বাড়ি তালাবদ্ধ করতে হলেও একটি চাবি তার কাছে রাখতে হবে। বয়স ও সামর্থ্যের সঙ্গে অসামঞ্জস্য বিবেচিত ভারী ও বিপজ্জনক কাজে কিশোর-কিশোরীদের নিয়োগ করা যাবে না।খসড়া নীতিমালায় দেশের সব সিটি করপোরেশনের কাউন্সিলর কার্যালয়, পৌরসভা, ইউনিয়ন পরিষদ গৃহশ্রমিকদের নিবন্ধনকারী কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবে, এমন বলা হয়েছে।শিশু গৃহশ্রমিক নিয়োগে অভিভাবকের সঙ্গে এবং প্রাপ্তবয়স্ক হলে সেই ব্যক্তির সঙ্গে নিয়োগকর্তার চুক্তি থাকতে হবে। এ চুক্তিতে নিয়োগের ধরন, মজুরি, কর্মঘণ্টা, বিশ্রামের সময় ও ছুটি, লেখাপড়ার ব্যবস্থা, কাজের ধরন, থাকা-খাওয়া ইত্যাদি বিষয়গুলো উল্লেখ থাকবে।নীতিমালায় গৃহকর্মীর ছবিসহ পরিচয়পত্র ও সপ্তাহে কমপক্ষে এক দিন ছুটির কথা বলা হয়েছে। গৃহকর্মী হয়রানি ও নির্যাতনের শিকার হলে সুবিচার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। গর্ভকালীন ও প্রসূতিকালীন সুবিধা, শিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করার কথাও নীতিমালায় বলা আছে।কেন্দ্র ছাড়াও জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদে নজরদারি করার জন্য বিশেষ কেন্দ্র গঠন করার কথা বলা হয়েছে। কেন্দ্রের তৈরি পরিদর্শন দল পরিস্থিতি বুঝতে বাড়ি বাড়ি যাবে। তবে নির্যাতন বা হয়রানির শিকার গৃহশ্রমিক ওই কেন্দ্রে, সংশ্লিষ্ট দপ্তরে লিখিত বা মৌখিক অভিযোগ জানাতে পারবে। একই সঙ্গে তারা ফৌজদারি মামলাও করতে পারবে।ফরিদা ইয়াসমীন বলেন, নীতিমালা হলে গৃহশ্রমিকদের অধিকারের বিষয়গুলো আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে। ফলে নিবন্ধন, নিয়োগপত্র, মজুরি নির্ধারণসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।থেমে নেই নির্যাতন: বিলস বলছে, গত ১০ বছরে গৃহশ্রমিকের ওপর ৭৯৮টি নির্যাতনের ঘটনায় ৩৯৮ জন মারা গেছে। শুধু এ বছর ১২ অক্টোবর পর্যন্ত মারা গেছে ৩৩ জন।পাবনার ১০ বছরের রোমেলা খাতুন নির্যাতনের শিকার হয় সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ আলী ও তাঁর স্ত্রী সুইটি বেগমের বাসায়। রোমেলা বলেছে, একবার পিটুনিতে মুখ কেটে গেলে সুইটি বেগম সুঁই-সুতা দিয়ে তা সেলাই করে দেন। ১২ নভেম্বর প্রথম আলোতে সংবাদটি ছাপা হয়। বর্তমানে রোমেলা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শরফুদ্দিন খান প্রথম আলোকে বলেন, আইএলও সনদ অনুযায়ী, সপ্তাহে ৪৩ ঘণ্টার বেশি কাজ করলেই তা ঝুঁকিপূর্ণ। দেশের বেশির ভাগ গৃহশ্রমিক সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজ করছে। তাদের কাজ ঝুঁকিপূর্ণ। তবে সরকার ঝুঁকিপূর্ণ কাজের যে খসড়া তালিকা তৈরি করেছে, তাতে গৃহশ্রমিকদের বিষয়টি নেই।