অসলোয় কাল থেকে শুরু হয়েছে ‘একুশ শতকে জলবায়ু পরিবর্তন ও গৃহহীনদের অধিকার প্রতিষ্ঠাবিষয়ক ন্যানসন সম্মেলন’। নাবিক আর জেলেদের উদ্যোগে প্রতিষ্ঠা পাওয়া ছোট্ট শহর অসলোতে সম্মেলন উপলক্ষে জড়ো হয়েছেন জলবায়ু পরিবর্তন ও উদ্বাস্তুবিষয়ক গবেষক ও নীতিনির্ধারকেরা।সম্মেলনে অংশগ্রহণকারীদের সামনে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে জানানো হলো, জলবায়ু পরিবর্তনের কারণে মানবসভ্যতার ক্ষতি শুরু হয়ে গেছে। ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার ও নরওয়ের রিভিউজি কাউন্সিল গতকাল সম্মেলনস্থল অসলো হয়রাস হাস মিলনায়তনে এক সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে। সেখানে বলা হয়, ২০১০ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বের চার কোটি ২০ লাখ মানুষ গৃহহীন হয়েছে। এই দুর্যোগগুলোর ৯০ শতাংশই জলবায়ুর পরিবর্তনজনিত। ২০০৯ সালে এই সংখ্যা ছিল এক কোটি ৬৭ লাখ। ২০০৯ সালে বাংলাদেশে ঘূর্ণিঝড় আইলায় আট লাখ ৪২ হাজার মানুষ গৃহহীন হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে যারা গৃহহীন হয়েছে, তাদের উদ্বাস্তু হিসেবে স্বীকৃতি দিতে হবে।উদ্বোধনী অধিবেশনের শুরুতেই জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যানেল আইপিসিসির চেয়ারম্যান রাজেন্দ্র কুমার পচৌরি বলেন, ‘বাংলাদেশের মানুষ কীভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে টিকে আছে, তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগে জলবায়ু পরিবর্তনকে শুধু একটি বিজ্ঞানের আলোচনার বিষয় হিসেবে মনে করা হতো। বর্তমানে তা বিশ্বের দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের পথে একটি বড় বাধা হিসেবে আবির্ভূত হয়েছে।’ প্রতিবছর জলবায়ু-দুর্যোগের কারণে গৃহহীন হওয়া মানুষদের জাতিসংঘের আইনি কাঠামোর আওতায় সহযোগিতা দেওয়ার উপায় বের করতে তিনি সম্মেলনের আয়োজকদের আহ্বান জানান।উদ্বোধনী বক্তব্যে নরওয়ের পরিবেশ ও বৈদেশিক উন্নয়নমন্ত্রী এরিক সোলহেইম গত বছর বাংলাদেশের ভোলা জেলার দুর্যোগপ্রবণ এলাকা চর কুকড়িমুকড়ি ও মিয়ানমার সফরের অভিজ্ঞতার তুলনা করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বছরের পর বছর ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা মোকাবিলা করে টিকে আছে। এখানকার উপকূলীয় মানুষ ঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উঁচু করে নির্মাণ করছে। এতে সিডর ও আইলার মতো মারাত্মক ঘূর্ণিঝড়েও প্রাণহানি কমেছে। অন্যদিকে মিয়ানমার দুর্যোগের জন্য প্রস্তুতি না থাকায় ঘূর্ণিঝড় নার্গিসের আঘাতে ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জনাস ঘার স্টোরি বলেন, চলতি বছর জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক ঘোষণাপত্রের ছয় বছর পূর্তি হতে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত দুর্যোগের কারণে গৃহহীন ও সর্বস্ব হারানো মানুষকে উদ্বাস্তু হিসেবে ঘোষণা দেওয়া হয়নি। শুধু যুদ্ধ ও সংঘাতের কারণে গৃহহারা মানুষেরা জাতিসংঘের আওতায় অধিকার ও সহায়তা পাওয়ার যোগ্যতা রাখে। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে সর্বস্বান্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি আইনি কাঠামো এই সম্মেলনের মাধ্যমে তৈরি করতে বিশেষজ্ঞদের আহ্বান জানান তিনি।জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনার এন্টারিও গুটেরা বলেন, গত বছর পাকিস্তানে বন্যা হলো। এরপর নাইজেরিয়া, ফিলিপাইন, চীন, রাশিয়া প্রভৃতি দেশে একের পর এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। ২০১০ সালে বিশ্বের ৩৭টি দেশের তাপমাত্রা রেকর্ড অতিক্রম করেছে। আর এতে কয়েক কোটি মানুষ গৃহ ও পেশা হারিয়েছে। এই সম্মেলনের মাধ্যমে জলবায়ু-উদ্বাস্তুদের কী ধরনের আইনি ও মানবিক সহায়তা পাওয়া উচিত, তা খসড়া আকারে দিলে জাতিসংঘ তা বিবেচনা করবে বলে তিনি জানান।বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিসের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, বাংলাদেশে ২০০৭ সাল থেকে একের পর এক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যার মতো দুর্যোগ আঘাত হানছে। কয়েক লাখ মানুষ তাদের পেশা ও গৃহ হারিয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তার পরিমাণও বেশি নয়।সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে নরওয়ের প্রিন্সেস মেট্টে মেরিট, নরওয়ের মানবাধিকারকর্মী ন্যানসনের কথা স্মরণ করে বলেন, এই মানুষটি বিপদকে মাথায় নিয়ে উদ্বাস্তুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। এর স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পদক পেয়েছেন। আজ পৃথিবীজুড়ে জলবায়ু-উদ্বাস্তুদের অধিকার প্রতিষ্ঠায় ন্যানসনের আদর্শকে নিয়ে এগোতে হবে।