জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত চারটি স্থায়ী কমিটি এবং সংসদ কমিটি ও পিটিশন কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্থায়ী কমিটিগুলো হলো গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত।আজ মঙ্গলবার সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা গৃহীত হয়।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি থেকে আবাসন ও ভূমি ব্যবসায়ী সাংসদ নসরুল হামিদ ও এনামুল হককে বাদ দেওয়া হয়েছে। এই কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন আজিজুল হক চৌধুরী এবং কে এম খালিদ। সংসদের কার্যপ্রণালী বিধির ১৮৮ ধারা অনুযায়ী কমিটির কোনো সদস্যের ব্যক্তিগত, আর্থিক ও প্রত্যক্ষ স্বার্থ কমিটিতে বিবেচিত হওয়ার সুযোগ থাকলে সেই সাংসদ কমিটির সদস্য হতে পারবেন না। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি থেকে বাদ পড়েছেন কে এম খালিদ। এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন আবু জাহির। নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত মন্ত্রণালয় থেকে বাদ পড়েছেন মাজহারুল হক প্রধান ও আবু জাহির। এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরী ও নসরুল হামিদ। পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে অন্তর্ভুক্ত এনামুল হক, বাদ পড়েছেন আজিজুল হক চৌধুরী।সংসদ কমিটি থেকে বাদ পড়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, অন্তর্ভুক্ত হয়েছেন এ কে এম এ আউয়াল। পিটিশন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সুজাত মিয়া, বাদ পড়েছেন নজরুল ইসলাম।