গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন দিতে হবে এক মাসের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের ঘটনায় আসামিকে গ্রেপ্তার বিষয়ে হাইকোর্টে উপস্থিত হওয়া তিন পুলিশ কর্মকর্তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন এক মাসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ তিন কর্মকর্তা হলেন—মামলার তদন্তকারী কর্মকর্তা, ধানমন্ডি থানার এসআই মকবুল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এবং ধানমন্ডি সার্কেলের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ।এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আসামি গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তারা বক্তব্য দিয়েছেন। আদালত তাঁদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে ওই ঘটনায় নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন এক মাসের মধ্যে জানাতে বলা হয়েছে।এর আগে ১০টা ৫০ মিনিটে ওই তিন পুলিশ কর্মকর্তা আদালতে হাজির হন। পরে ১১টার দিকে শুনানিকালে রুল জারির পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কি না, আদালত তা জানতে চান। আগে চেষ্টা করেছেন কি না জানতে চাইলে জবাবে ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘প্রথম থেকেই চেষ্টা করা হচ্ছে। আসামির মোবাইল ফোন বন্ধ থাকায় সন্ধানে বিলম্ব হয়। তবে চেষ্টা অব্যাহত ছিল। আমরা প্রথম থেকেই তত্পর ছিলাম।’ আসামি কারও ছত্রছায়ায় ছিলেন কি না আদালত জানতে চাইলে ওসি না সূচক জবাব দেন। এরপর রুমানা মনজুরের পক্ষে আইনজীবী এলিনা খান অভিযোগপত্র যথাসময়ে ও সঠিকভাবে দেওয়ার আরজি জানান। পরে আদালত ওই আদেশ দেন। আদালত থেকে বেরিয়ে এলিনা খান প্রথম আলোকে বলেন, আদালত বিষয়টি পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন। রুমানাকে নির্যাতনের পর ১০ দিন কেটে গেলেও সাইদকে কেন গ্রেপ্তার হয়নি, তা জানতে চেয়ে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে বুধবার রুল জারি করেছিলেন। রুলে ওই তিন কর্মকর্তাকে হাজির হয়ে এর ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়। রুল জারির তিন ঘণ্টা পর গতকাল বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর উত্তর মুগদায় আত্মীয়ের বাসা থেকে পুলিশ সাইদকে গ্রেপ্তার করে।৫ জুন রাজধানীর ধানমন্ডিতে রুমানা তাঁর বাবার বাসায় স্বামী হাসান সাইদের নির্মম নির্যাতনের শিকার হন। রুমানার দুই চোখে আঙুল ঢুকিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। কামড়ে নাকের ডগা ছিঁড়ে ফেলা হয়। ল্যাবএইড হাসপাতালে কয়েক দিন চিকিত্সার পর মঙ্গলবার তাঁকে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে নেওয়া হয়। সেখানে তাঁর চোখের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে বলে জানা গেছে।