গেইলদেরও অস্ত্র হতে পারে পেস বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ যখন মুখোমুখি হবে, তখন দুই দলই হতাশার শুক্রবারটা ভুলে যেতে চাইবে। ভারতকে মনে হলো অস্ট্রেলিয়ান পেসারদের গতি ও আগ্রাসনে হকচকিত হয়ে গেছে। আর ক্রিস গেইলের দল শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে খুব বেশি রান দিয়ে ফেলার মূল্য দিল।পুরো ব্যাপারটা উইকেটের ওপর নির্ভর করে, তবে ওয়েস্ট ইন্ডিজ যদি অস্ট্রেলিয়ার মতোই ভারতের বিপক্ষে পেস আক্রমণকেই কৌশল হিসেবে নেয়, আমি অবাক হব না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেন্ট লুসিয়ায় ভারতীয় ব্যাটসম্যানরা বেশ সাবলীল ছিল, কিন্তু বারবাডোজের একটু বাউন্সি আর গতিশীল উইকেটে এসেই তারা অন্যরকম এক দল, যাদের কোনো আত্মবিশ্বাস নেই। কেমার রোচ আজ খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছে। ও যদি ঠিকঠাক মতো বল করতে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের সুযোগটা অনেক বেড়ে যাবে।ভারতের প্রয়োজন তাদের ইনিংসটা নিয়ে একটু ভালো করে পরিকল্পনা করা, আর সরাসরি ক্রিকেটীয় শট খেলা। পেসাররা যখন দাপট দেখিয়েছে, তখন একটু ধৈর্য ধরতে না পেরে ওদের বেশির ভাগ ব্যাটসম্যান বিপাকে পড়েছে। উল্টো ওই সময়ে তাদের দেখলাম উচ্চাভিলাষী শট খেলে গোড়াতেই দ্রুত কিছু উইকেট হারাতে।স্বাভাবিক ক্রিকেট খেলেও এই ফরম্যাটে কতটা ভালো করা যায় তার একটা অনন্য উদাহরণ দেখলাম আমরা পরের ম্যাচেই। অপরাজিত ৯৮ রান করার পথে মাহেলা জয়াবর্ধনে আমাদের দেখিয়ে দিল, টি-টোয়েন্টিতে রান করার জন্য বিশেষ কিছু করা বা নতুন কোনো উদ্ভাবনের দরকার নেই। দরকার শুধু নিজের টেকনিকে স্থির থাকা আর ক্রিকেটীয় শট খেলা। আমি সব সময় বিশ্বাস করি, একজন ভালো টেস্ট ক্রিকেটার সব সময় টি-টোয়েন্টিতে ভালো করবে। জয়াবর্ধনে এই ধারণার পক্ষে অসাধারণ এক উদাহরণ।স্থানীয় সমর্থকদের আগ্রহ বাঁচিয়ে রাখতেই ওয়েস্ট ইন্ডিজের এই টুর্নামেন্টে টিকে থাকাটা জরুরি। এই টুর্নামেন্টটির জন্য মানুষের খুব উৎসাহ আছে। লোকেরা খেলাটা উপভোগ করছে, এটা দেখতে ভালোই লাগে। টি-টোয়েন্টি যে লড়াইয়ে জিতে গেছে এটা পরিষ্কার। আশা করি, এখন সংগঠকেরা ক্রিকেটের সব ফরম্যাটের উন্নয়নে এটিকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাবেন। অতিরিক্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলাটির আবেদনই নষ্ট করে দিতে পারে। ফলে একটু সতর্কতার সঙ্গে খেলাটির সূচি ঠিক করা দরকার। এটা মনে রাখা খুব জরুরি, টেস্ট বা ৫০ ওভারের ক্রিকেট না থাকলে টি-টোয়েন্টি ক্রিকেটও থাকবে না। হ্যাঁ, জীবনে এগিয়ে যাওয়া বা আধুনিকতাকে মেনে নেওয়াটা জরুরি। কিন্তু শেকড় আর ঐতিহ্যকে সম্মান জানানোটাও সমানভাবে দরকার।এই বিশ্বকাপ ২০০৭ বিশ্বকাপের চেয়েও বেশি করে বিশ্বকে ক্যারিবিয়ান স্বাদটা উপহার দিচ্ছে। সেবার ক্রিকেট-ভক্তরা অনেক বাধানিষেধের জালে আটকা পড়েছিল। আর বিশ্বের এই অংশটায় বাধানিষেধের ধারণাটা একেবারেই ভিনগ্রহের ধারণা। এবার অন্তত আমাদের আর বলে দেওয়া হয়নি যে, কীভাবে টুর্নামেন্টটা আয়োজন করতে হবে। তাই স্টেডিয়ামের উৎসবমুখরতা প্রাণ ফিরে পেয়েছে আর টুর্নামেন্টে যোগ করেছে ছন্দ।পুরো টুর্নামেন্টের দিকে তাকালে আমি অস্ট্রেলিয়ার ক্রমোন্নতি দেখে অভিভূত হই। ওদের দেখে মনে হচ্ছে প্রতিযোগিতার সবচেয়ে পরিকল্পিত দল। মনে হচ্ছে সবাই খুব গোছোনো এবং অন্যদের চেয়ে ফিট। ওদের ফিল্ডিং আর রানিং বিটউইন দ্য উইকেটে সেটি প্রতিফলিত হচ্ছে। আপাতত অস্ট্রেলিয়ার দিকেই চোখ রাখতে হচ্ছে।