স্বাগতিকেরা যেকোনো প্রতিযোগিতার প্রাণ। বিশ্বকাপের মতো আসর হলে তো কথাই নেই। পুরো আসর মাতিয়ে রাখে স্বাগতিক দেশের সমর্থকেরা। তাই স্বাগতিক দেশ ভালো করুক এমনটাই প্রত্যাশা থাকে সবার। যেমনটা এবার আছে ওয়েস্ট ইন্ডিজের ওপর। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ তাকিয়ে আছে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিস গেইলের দিকে। স্বল্পতম দৈর্ঘ্যের এ ক্রিকেটে জয় পেতে হলে দলের সামগ্রিক পারফরম্যান্স অপরিহার্য হলেও প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়া গেইলই স্বাগতিকদের ভরসা।প্রস্তুতি ম্যাচ সুখকর হয়নি ওয়েস্ট ইন্ডিজের। নিউজিল্যান্ডের কাছে ৭ রানে হারতে হয়েছে তাদের। গত বুধবার অনুষ্ঠিত এ ম্যাচে ১২৪ রান তাড়া করতে গিয়ে ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তবে সমর্থকদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন গেইল। আজ থেকে শুরু হতে যাওয়া মূল আসরে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রস্তুতি ম্যাচে হার দুঃখজনক আখ্যায়িত করে গেইল বলছেন, ‘সমর্থকদের জন্য এ হার মেনে নেওয়া কঠিন।’টি-টোয়েন্টি ক্রিকেটের ঝড়ো ব্যাটিংয়ের কথা এলে যে কয়েকজন ব্যাটসম্যানের নাম আসে, তাঁদের মধ্যে গেইল অন্যতম। নবীনতম সংস্করণের এই ক্রিকেটে গেইলের ধুমধাড়াক্কা ব্যাটিংই তাঁর ওপর সমর্থকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। বিষয়টি গেইল নিজেও জানেন। তিনি বলছেন, ‘আমি জানি, অনেকেই আমার দিকে তাকিয়ে আছেন। আমি নিজেও মাঠে নামার প্রতীক্ষায় আছি। কী করতে পারব জানি না। এ মুহূর্তে কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি নিয়েই ভাবছি।’দল ভালো খেলতে না পারলে যে সমর্থকেরা ছেড়ে কথা বলবে না, এটি বেশ ভালো করেই জানেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান। গেইল বলছেন, ‘ঘরের মাঠে খেলতে যাচ্ছি আমরা। সমর্থকদের প্রত্যাশার চাপ কিছুটা থাকবেই। তবে এখানকার কন্ডিশন আমাদের চিরচেনা। কোনো অজুহাত দেখানোর সুযোগ থাকবে না। আশা করছি, আমাদের সমর্থকদের আমরা ভালো খেলা উপহার দিতে পারব।’