গেইলের নারী অতিথিদের হোটেল থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বোর হোটেলে ক্রিস গেইলসহ ওয়েস্ট ইন্ডিজ দলের কয়েকজন ক্রিকেটারের কক্ষে গিয়ে ফুর্তি করার অভিযোগে আজ বুধবার তিন ব্রিটিশ নারীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। এনডিটিভির খবরে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়, আটক করা ব্রিটিশ নাগরিকদের সিনামন গ্র্যান্ড হোটেলের পাশের থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। টি-২০ বিশ্বকাপ উপলক্ষে শ্রীলঙ্কায় খেলতে যাওয়া খেলোয়াড়দের জন্য বিশেষ নিরাপত্তার আয়োজন করেছে দেশটির পুলিশ।এক বিবৃতিতে পুলিশ বলেছে, খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ নিরাপত্তা অধিদপ্তরের (এমএসডি) প্রহরীরা তিনজন নারীকে আটক করেন এবং পরে তদন্তের জন্য তাঁদের কোলুপিটিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।হোটেল কর্তৃপক্ষ বলেছে, নারীরা ছিলেন ক্রিস গেইল এবং তাঁর সতীর্থ আন্দ্রে রাসেল, ফিন্ড এডওয়ার্ডস ও ওয়েন স্মিথের অতিথি। কর্তৃপক্ষ আরও জানায়, এর মধ্য দিয়ে খেলোয়াড় ও দলের অন্য কর্মকর্তাদের জন্য সংরক্ষিত সপ্তম তালার জোরালো নিরাপত্তার কোনো ব্যাঘাত হয়নি।হোটেলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘খেলোয়াড় বা নারীরা কেউই কোনো অপরাধ করেননি। তবুও কেন পুলিশ গ্রেপ্তার পর্যন্ত গেল, তা আমাদের কাছে বোধগম্য নয়। খেলোয়াড়দের কাছে অতিথি হয়ে আসা কোনো অপরাধ নয়।’ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আগামী শুক্রবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।পুলিশের পক্ষ থেকে বলা হয়, আইসিসি চাইলে আটক নারীদের বিরুদ্ধে তাঁরা আইনি ব্যবস্থা নেবে।গত ২৪ সেপ্টেম্বর এক শ্রীলঙ্কান ওই হোটেলে অবস্থান করা অস্ট্রেলীয় খেলোয়াড়দের কক্ষে ঢুকে পড়ে এবং যৌনকর্মের প্রস্তাব দেয়। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এক হাজার শ্রীলঙ্কান রুপি জরিমানাসহ এক মাসের কারাদণ্ড দেয়। আইসিসি বলেছিল, ‘ওটা ছিল এক ছোট্ট বিচ্ছিন্ন ঘটনা।’২০০৭ সালের বিশ্বকাপ চলার সময় পাকিস্তান দলের কোচ বব উলমারকে জ্যামাইকার এক হোটেলের কক্ষ থেকে মৃতাবস্থায় উদ্ধার করার পর আন্তর্জাতিক ক্রিকেট আসরে হোটেলের নিরাপত্তা এক গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতে উলমারের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করার হলেও পরে প্রমাণিত হয়, তাঁর স্বাভাবিক মৃত্যুই হয়েছিল।