গেছো চড়ুই
আমাদের দেশে মাত্র দুই প্রজাতির চড়ুই পাখি দেখা যায়। যার মধ্যে গেছো চড়ুই (Passer montanus) অতি বিরল এক স্থায়ী পাখি। পাতি চড়ুই (Passer domesticus) আমাদের গ্রামবাংলার ঘরবাড়ি ও শহুরে ইমারতে অতি সহজদৃষ্ট। গেছো চড়ুই সিলেট বিভাগের ভারত সীমান্তবর্তী গ্রামে দেখা যায়। কিন্তু সেই দেখা পওয়াটাও কষ্টকর। এই পাখির প্রথম দেখা পাই ২০০৯ সালে, সিলেটের জকিগঞ্জে। জায়গাটি বরাক, সুরমা ও কুশিয়ারা নদীর কাছের অমলসিদে। সেখানে এই পাখির বাসা দেখা গেছে। এরপর জাফলংয়ে গিয়ে কয়েকবারই ১০-১৫টি গেছো চড়ুইয়ের দেখা পাওয়া গেছে। সেখানেও ওরা বাসা করে।গৃহে বসবাসকারী পাতি চড়ুই খুবই মানুষঘেঁষা, কিন্তু এরা অনেকটা চালাক এবং মানুষের কাছ থেকে একটু দূরে থাকতে চায়। কাছে গেলেই ঝোপালো গাছের পাতি ডালে চলে যায়। বিশেষ করে, ধারেকাছে যদি বরইগাছ থাকে। দলের একটি উড়াল দিলে বাকিগুলোও একে একে উড়ে যায়। পথচারীদের ফেলে দেওয়া চিনাবাদামের দানা খেতে পিচঢালা সড়কেও নামে। ঘাসের মধ্যেও পোকামাকড় খুঁজে বেড়ায় জোড়া পায়ে লাফিয়ে লাফিয়ে।গ্রামে, মাঠের কাছে, ঝোপ-জঙ্গলে, নদীর ধারে, শহরের চালের গুদামের কাছে সদলবলে থাকে। সব সময় একই সুরে ডাকে। ঝোপালো গাছে, পুরোনো ভবনের ভেন্টিলেটরে বাসা করে মার্চ থেকে আগস্ট মাসে। চার থেকে ছয়টি ডিম পাড়ে। ছানা ফুটতে ১৩ দিন লাগে। ছানারা উড়তে শিখলে বড়দের সঙ্গে মাঠে যায় খাবার খেতে।বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তান, জাপান, কোরিয়া, ইরান, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারে এরা আছে। এই পাখির দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার, ইংরেজি নাম Eurasian Tree Sparrow। খাবারের তালিকায় আছে শস্যদানা, ফল, কচি ঘাসের ডগা ও বীজ, ছোট কীটপতঙ্গ ও ফুলের কুঁড়ি। নতুনদের কাছে পাতি চড়ুই থেকে গোছো চড়ুইকে আলাদা করতে পারাটা একটু মুশকিলই বটে। দক্ষ পাখি পর্যবেক্ষকেরা কাজটি অবশ্য সহজেই পারেন। আলাদা করার সবচেয়ে সহজ উপায় মাথা ও মুকুটের দিকে লক্ষ রাখা। ছেলে ও মেয়ে পাখি দেখতে একই রকম এবং মাথা, ঘাড় ও পুরো মুকুটের পালকের রং মরচে বাদামি বা চকলেট বাদামি।গেছো চড়ুই খুবই কম সংখ্যায় আমাদের দেশে দেখা যায়। আমাদের জোর প্রচেষ্টা থাকুক এদের সীমিত বাসযোগ্য জায়গাকে রক্ষা করা।