গেজেট পিছিয়ে দিয়ে আইন মানবে ইসি, নতুনেরা নাখোশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পেতে আরও তিন মাস অপেক্ষা করতে হবে। সিটি করপোরেশন আইনের কারণেই তা করতে হবে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৬ ধারায় বলা আছে, করপোরেশনের মেয়াদ হবে এর প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর। তবে মেয়াদ শেষ হয়ে গেলেও পুনর্গঠিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আগের করপোরেশন দায়িত্ব পালন করে যাবে। একই আইনের ৩৪ ধারায় বলা আছে, সিটি করপোরেশনের নির্বাচন হবে এর মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে। আইনের ৯/২ ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের লাভজনক পদে থাকলে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়া যাবে না। কিন্তু ২০০৯ সালে আদালত সিটি করপোরেশনের শুধু মেয়রের পদকে লাভজনক বলে রায় দেন। ফলে এবার চার সিটির মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, তালুকদার আবদুল খালেক, শওকত হোসেন ও বদরউদ্দিন আহমদ কামরান গত ৯ মে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন। নতুন মেয়র দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত জ্যেষ্ঠ কাউন্সিলররা প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। লাভজনক পদ নিয়ে আদালতের ব্যাখ্যার আগে মেয়ররা স্বপদে থেকে নির্বাচন করতেন। যেমন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী পদত্যাগ করে নির্বাচন করেন। মূলত সেখান থেকে আদালতের ব্যাখ্যাসহ আইনটি নতুনভাবে কার্যকর হয়। কিন্তু আগের মেয়রের মেয়াদ শেষ হওয়ার আট দিন আগে ওই নির্বাচন হওয়ায় নতুন মেয়রের দায়িত্ব পাওয়া নিয়ে অপেক্ষা করতে হয়নি। এবার তিন মাস আগে নির্বাচন হওয়ায় নবনির্বাচিতদের এত দিন অপেক্ষায় থাকাটা আলোচনায় এসেছে। অবশ্য আইনের আরেকটি ধারাও এমন আলোচনার সুযোগ করে দিয়েছে। আইনের ৩৬ ধারায় বলা আছে, নির্বাচনের পর কমিশন যথাসম্ভব দ্রুত নির্বাচিতদের নাম গেজেটে প্রকাশ করবে। ৭ ধারা অনুযায়ী নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাম গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে তাঁদের শপথ পড়াতে হবে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, আইনে যা বলা আছে, কমিশন সে অনুযায়ী কাজ করবে। এরপর যা যা করণীয়, তা স্থানীয় সরকার বিভাগকে করতে হবে। তিনি আরও বলেন, আইন অনুযায়ী মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্যানেল মেয়ররা দায়িত্ব পালন করবেন। মেয়াদ শেষ হতে আরও তিন মাস বাকি। আইনে আরও বলা আছে, গেজেট প্রকাশের এক মাসের মধ্যে শপথ গ্রহণ করতে হবে। তাই নবনির্বাচিতদের গেজেট বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে প্রকাশ করা হবে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান বলেন, তাঁরা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা গ্রহণ করবেন। মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আইন অনুযায়ী রাজশাহী সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে আগামী ১৮ সেপ্টেম্বর, খুলনার মেয়াদ শেষ হবে ২৫ সেপ্টেম্বর, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ৮ অক্টোবর। তবে নির্বাচিতরা এখনই দায়িত্ব বুঝে নিতে উদগ্রীব। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আহসান হাবিবের: বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘আইনের কোথায় কী সমস্যা রয়েছে, সেটা আমাদের জানার বিষয় নয়। আমরা বিজয়ী হয়েছি। সরকারের উচিত হবে আমাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া।’ অন্যদিকে সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আইন অনুযায়ী আমাদের পাঁচ বছর দায়িত্ব পালন করার কথা। পদত্যাগ করে নির্বাচন করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উচিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া।’ আইনজীবীর পরামর্শ নেবেন মোসাদ্দেক: রাজশাহীর নবনির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বলেন, নতুন নির্বাচনের তফসিল ঘোষণার পর পুরোনো পরিষদের আর কোনো কার্যকারিতা থাকে না। আবার ওই মেয়াদের মেয়রও পদত্যাগ করেছেন। এখন আর কোনোভাবেই পুরোনো পরিষদ কাজ করতে পারে না। তিনি বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন বলে জানান। অন্যদিকে সদ্য বিদায়ী মেয়র খায়রুজ্জামান বলেন, ১৮ সেপ্টেম্বর তাঁদের পরিষদের পাঁচ বছর পূর্ণ হবে। আইন অনুযায়ী, এর আগে নতুন পরিষদ কাজ করতে পারে না। আরিফুল বললেন, নির্বাচিতদের জনবিচ্ছিন্ন করার কৌশল: সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সরকার নতুন করে জটিলতার সৃষ্টি করছে। এই সরকার নাকি অনির্বাচিত ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় না। কিন্তু এখন শোনা যাচ্ছে, তিন মাস পরে ক্ষমতা হস্তান্তর করা হবে। এটা অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা রেখে দেওয়া এবং আমাদের জনবিচ্ছিন্ন রাখার পাঁয়তারা।’ সদ্য বিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘জনগণ আমাদের ভোট দিয়ে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছিলেন। ফলে আইন অনুযায়ী ওই সময়ের আগে নবনির্বাচিত মেয়রের দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ নেই। এর পরও যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় অন্য কোনো সিদ্ধান্ত নেয়, সেটা একান্তই মন্ত্রণালয়ের বিষয়।’মনিরুজ্জামান বললেন দুরভিসন্ধিমূলক: খুলনার নবনির্বাচিত মেয়র মো. মনিরুজ্জামান বলেন, ‘আসল কথা চারটি সিটি করপোরেশনে সরকারদলীয় সমর্থক কোনো মেয়র প্রার্থী জয়ী হতে পারেননি। তাই কৌশলে আইনি জটিলতার কথা বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আইন অনুযায়ী মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সিটি করপোরেশনের নির্বাচন হবে। এ জন্য আগেই আইন পাস করা হয়েছে। এখন ভিন্ন কথা বলা দুরভিসন্ধিমূলক।’ পরাজিত মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, তাঁর পূর্ণ মেয়াদ শেষ হতে আরও তিন মাস বাকি। কিন্তু পদত্যাগের পর মেয়াদের বাকি সময়টুকু দায়িত্ব পালন করা যাবে কি না, তা তাঁর জানা নেই।(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল অফিস)