গেট সেট রকের বিচারকের আসনে বাচ্চু, পিলু ও বাপ্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংগীতবিষয়ক প্রতিযোগিতা নেসক্যাফে গেট সেট রকের এক্সপ্রেসো রাউন্ড। এই রাউন্ড থেকে বিচারকের আসনে বসছেন আইয়ুব বাচ্চু, পিলু খান ও বাপ্পা মজুমদার। এর আগে ২৬ ডিসেম্বর সারা দেশ থেকে উঠে আসা ৯৮ জন প্রতিযোগীকে তিন বিচারক প্রতিযোগিতার কিছু খুঁটিনাটি সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। এর দৃশ্যধারণ করা হয়েছে ২৭ ডিসেম্বর। মোট ১৪টি দল এখানে পারফর্ম করবে। নেসক্যাফে গেট সেট রকের এক্সপ্রেসো রাউন্ডের প্রতি দলে সাতজন করে সদস্য রয়েছেন। তবে মার্কিং হবে আলাদা পারফর্মেন্সের ওপর। এখান থেকে তৃতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হবে সাতটি দল। এখানেও প্রতি দলে সদস্য থাকবে সাতজন। এ সাতটি দলের সদস্যদের নিয়ে ৬ জানুয়ারি থেকে শুরু হবে গ্রুমিং রাউন্ড। এর আগে আনুষ্ঠানিকভাবে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হবে দেশের ৫০ জন মিউজিশিয়ান ও গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে।এ প্রতিযোগিতার অন্যতম বিচারক আইয়ুব বাচ্চু বলেন, ‘এর আগে আমি সংগীতবিষয়ক আরও একটি অনুষ্ঠানের বিচারক হয়েছিলাম। অনেক বছর পর আবার বিচারকের আসনে বসলাম। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যান্ডের জন্য বাদ্যযন্ত্রশিল্পী খোঁজা হবে। পরে সেরা প্রতিযোগীদের নিয়ে গঠন করা হবে সাতটি ব্যান্ড। এখান থেকে বিভিন্ন ধাপে নির্বাচন করব সেরা ব্যান্ড।’নেসক্যাফে গেট সেট রক অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতি শুক্র ও সোমবার রাত নয়টা ৩৫ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন উর্মিলা ও পরিচালনা করছেন তাহের শিপন।