রকিব গেটলক মিনিবাসের চালক। যাত্রাবাড়ী-মিরপুর রুটে চলে তাঁর বাস। প্রতিদিন ছয়বার আসা-যাওয়া করতে পারেন। যানজট বেশি হলে আবার ‘ট্রিপ’ চারবারের বেশি হয় না। দিনে রকিবের আয় শ-পাঁচেক টাকা। দুই-একটা যাত্রী বেশি নিতে পারলে ২০-২৫ টাকা বেশি আয় হয় প্রতি ট্রিপে।ঢাকায় একজন চালক সপ্তাহে তিন-চার দিন বাস চালানোর সুযোগ পান। কারণ, একদিন পর একদিন বাস পাওয়া যায়। রকিব জানান, সকাল ছয়টায় ঘর থেকে বের হন। সারা দিন বাসের মধ্যেই থাকেন। ছোটবেলা থেকে শখ ছিল ‘ড্রাইভার’ হবেন। রকিব বলেন, ‘বাসে অসুবিধা হইল, গরমে ইঞ্জিনের পাশে বসে কষ্ট হয়। জ্যামে আটকে গেলে গরমে দোজকের মতো মনে হয়। সে সময় আবার কিছু যাত্রী এক টাকা, দুই টাকা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে ঝগড়া করে। তখন মেজাজ ঠিক রাখা খুব কষ্ট হয়। মানুষ হিসেবে নিজেকে ছোট মনে হয়। কোনো কোনো সময় দু-একজন যাত্রী লাফ দিয়ে জোর করে বাসে ওঠে। হেলপারের সঙ্গে ধাক্কাধাক্কি করে। বাসভর্তি লোকজন “নামাও নামাও” বলে চিৎকার করে। লোকগুলো আবার গোঁ ধরে দাঁড়িয়ে থাকে। কিছু যাত্রী ড্রাইভারকে গালাগালি দেয়। “গাড়ি থামাও” বলে চিৎকার করতে থাকে। তখন মনোযোগ দিয়ে গাড়ি চালানো মুশকিল। একবার এক যাত্রীকে হেলপার আর বাসের যাত্রীরা মিলে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়। লোকটা বারবার বলছিল, “আপনারা বাড়ি যাবেন, আমি যাব না। দুই ঘণ্টা ধইরা রাস্তা দাঁড়াই আছি।” এই কথাটা আমার প্রায়ই মনে হয়।’রকিব মিরপুরের রূপনগরে মেসে থাকেন। ছুটির দিনে হলে গিয়ে সিনেমা দেখেন। ওই দিন দামি পোশাক পরেন। সিল্কের পাঞ্জাবি আর পাজামা রকিবের প্রিয় পোশাক। সাকিব খান ও মৌসুমী প্রিয় নায়ক-নায়িকা। রকিবের গ্রামের বাড়ি কুমিল্লার গৌরীপুর। সেখানে কোনো দিন যাননি। রকিব বড় হয়েছেন কুমিল্লার কোটবাড়ির পাহাড়ের নিচে। তাঁদের গ্রামের নাম গোহালিয়া। রকিবের মা ও খালারা বিভিন্ন বাড়িতে কাজ করতেন। তখন রকিব অন্ধ নানিকে সঙ্গে নিয়ে ভিক্ষা করতেন। মাঝেমধ্যে রকিব স্কুলে যেতেন। এক বাড়ির ঢেঁকিঘরে রাতে থাকতেন রকিব ও তাঁর মা। রকিব যখন ছোট তখন বাবা তাঁর মাকে তালাক দেন।ছোটবেলায় রকিব ট্রাক্টরের হেলপারও ছিলেন। একসময় চলে আসেন ঢাকায়। তখন গোরানে এক বাসায় দুই বছর কাজ করেন। তারপর ছিলেন বাসের হেলপার। এভাবে হয়ে ওঠেন ‘ড্রাইভার’। রকিব যখন ছোট তখন তাঁর মা ডায়বেটিসের কারণে পায়ে পচন ধরে মারা যান। বাবার খোঁজ তিনি জানেন না। রকিবের এক মামা রিকশা চালান, নানি সেই মামার কাছে থাকেন। মাঝেমধ্যে কুমিল্লা গিয়ে দেখে আসেন নানিকে। রকিবের বড় মামা তাঁর মেয়েকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছেন তাঁকে। রকিব বলেন, ‘ছোটকালে এক বেলা ভাত দেয় নাই। এখন মাইয়া দিতে চায়!’