গেণ্ডারিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার গেণ্ডারিয়ায় গতকাল মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন যুবক নিহত হয়েছে। তাঁরা হলেন সুমন (২৭) ও আলাউদ্দিন (৩২)। গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ প্রথম আলোকে জানান, নিহত সুমন ও আলাউদ্দিন দুজনই চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। সুমন গেণ্ডারিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে। আলাউদ্দিন সায়েদাবাদ বাস টার্মিনালের চিহ্নিত চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।মো. ফারুক আরও জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে র‌্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গেণ্ডারিয়া হাইস্কুলের পেছনে অ্যালবার্ট মাঠে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা র্যাবের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। কয়েক রাউন্ড গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় র‌্যাব অ্যালবার্ট মাঠ থেকে সুমন ও আলাউদ্দিনের লাশ উদ্ধার করে। এর পাশাপাশি র‌্যাব সেখান থেকে দুটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করে।