গেন্ডারিয়া ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
রাজধানীর গেন্ডারিয়া রেলক্রসিংয়ে আজ শনিবার সকালে চলন্ত ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছে। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক আরোহী নিহত হয়।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শাহীদুল্লাহ সাংবাদিকদের জানান, বেলা ১১টার দিকে গেন্ডারিয়া রেলক্রসিংয়ে চলন্ত ট্রেন একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মাইক্রোবাসের দুই আরোহী নিহত এবং দুজন আহত হওয়ার কথা প্রাথমিকভাবে জানান তিনি। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মাইক্রোবাসের চালক সিরাজ শরিফকে (৫০) অচেতন অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করে। প্রাথমিক চিকিত্সায় চালকের জ্ঞান ফিরলে তাঁকে শ্যামপুর থানা হেফাজতে নেওয়া হয়।