গেন্ডারিয়ায় জঙ্গির বোমা হামলায় পুলিশসহ ৪ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ে পুলিশের চেকপোস্টের সামনে এক জঙ্গি সদস্যের বোমা হামলায় আজ শুক্রবার সন্ধ্যায় পুলিশ কনস্টেবলসহ চারজন আহত হয়েছেন। পুলিশ ব্যাগভর্তি আটটি তাজা বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় বোমা নিক্ষেপকারী জঙ্গি সদস্য সৈকতকে (২৫) আটক করেছে।মহানগর পুলিশের উপকমিশনার (ওয়ারী বিভাগ) তৌফিক মাহবুব চৌধুরী জানান, ওই জঙ্গি সদস্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বাংলাদেশ জামায়াতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্য। উপকমিশনার আরও জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে দুজন আরোহীসহ একটি রিকশা ওই চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ রিকশাটিকে আটকায়। এ সময় এক আরোহী পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই বোমা হামলার ঘটনায় দুজন পথচারী, পুলিশ কনস্টেবল অলিওর রহমান ও জঙ্গি সদস্য নিজেও আহত হন। কিন্তু রিকশার অন্য আরোহী পালিয়ে যায়। পুলিশ রিকশা থেকে তাজা বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ দুটি ব্যাগ উদ্ধার করে।পুলিশ কনস্টেবল ও জঙ্গি সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাত নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এলাকাটি ঘেরাও করে রেখেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা অপসারণ দল সেখানে গিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে বলে জানা গেছে।