গেন্ডারিয়ায় শিশুপুত্র খুন, বাবাকে জবাইয়ের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার গেন্ডারিয়ায় ১২ বছরের শিশু দীপ্ত দাস ওরফে শুভকে হাত-পা ও মুখ বেঁধে ড্রামের পানিতে চুবিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে দুর্বৃত্তরা দা দিয়ে শিশুটির বাবা বিভূতিরঞ্জন দাসের (৪৫) গলা কেটে হত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় বিভূতিরঞ্জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুভ স্থানীয় গেন্ডারিয়া হাইস্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। পৃথক ঘটনায় কামরাঙ্গীরচরে আবুল কাশেম (৪৫) নামের একজন রড-সিমেন্ট ব্যবসায়ীকে হত্যার পর তাঁর লাশ ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। আহত বিভূতিরঞ্জন পুলিশ ও তাঁর স্বজনদের জানান, খুনিরা তাঁর বাসার আলমারি থেকে ৩৬ হাজার টাকা নিয়ে গেছে। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, তদন্তের স্বার্থে ঘটনার কারণ সম্পর্কে বলা যাবে না।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিভূতিরঞ্জন দাস স্ত্রী ও একমাত্র সন্তান দীপ্তকে নিয়ে ৩৪ গেন্ডারিয়ার কেবি রোডে পাঁচতলা ভবনের পঞ্চম তলায় ভাড়া বাসায় থাকেন। বিভূতির স্ত্রী শিউলি রানী দাস জ্যেষ্ঠ স্কুলশিক্ষিকা। প্রতিদিনের মতো গতকাল শনিবার সকালে তিনি কর্মস্থল মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামারা আদর্শ উচ্চবিদ্যালয়ে যান। দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশীরা চিৎকার শুনে বিভূতিরঞ্জনের বাসায় গিয়ে দেখেন তাঁর গলাকাটা এবং ক্ষতস্থল দিয়ে রক্ত ঝরছে। তিনি কাটাস্থলে কাপড় পেঁচিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করছেন। এরই মধ্যে খবর পেয়ে পুলিশ আসে। বিভূতিরঞ্জন পুলিশ ও প্রতিবেশীদের বলেন, শুভকে ধরে নেওয়া হয়েছে। পুলিশ ও প্রতিবেশীরা সবাই দুই কক্ষের বাসাটিতে শুভকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি বাথরুমের ছিটকিনি খুলে একটি নীল রঙের পানির ড্রাম ও দুটি প্লাস্টিকের বালতি দেখতে পান। কিন্তু সন্দেহ হওয়ায় তিনি ঢাকনা তুলতেই দেখেন ড্রামভর্তি পানির মধ্যে শুভর লাশ। উপস্থিত লোকজন ড্রামটি পাশের খোলা ছাদে এনে লাশটি বের করে। ছাপা কাপড়ের টুকরো দিয়ে শুভর মুখ ও দুই হাত বাঁধা, দুই পা বাঁধা ছিল মোজা দিয়ে। পাশের ফ্ল্যাটের বাসিন্দা মিনু বেগম বলেন, বিভূতিরঞ্জনের চিৎকার শুনে তিনি দৌড়ে এসে জানালা দিয়ে দেখেন সাগর তাঁর গলায় দা চালাচ্ছেন। এরপর তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় সাগর সঙ্গীদের নিয়ে পালিয়ে যায়। ঘটনা তদন্তকারী গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাওছার আলী হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি টহলে ছিলেন। ৩৪ কেবি রোডের সামনে ভিড় দেখে সেখানে যান। এরপর পাঁচতলায় গিয়ে রক্তাক্ত অবস্থায় বিভূতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। উপপরিদর্শক বলেন, হাসপাতালে নেওয়ার পথে বিভূতি তাঁকে বলেছেন, এক যুবক দা দিয়ে তাঁর গলায় দুবার পোঁচ দিয়েছে। তারা আলমারি থেকে ৩৬ হাজার টাকা নিয়ে গেছে। যুবকেরা তাঁর ছেলে শুভকে ধরে নিয়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, খুনি পূর্বপরিচিত। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।বিভূতিরঞ্জনের দূর সম্পর্কের আত্মীয় স্কুলশিক্ষিকা শেলী দে সাংবাদিকদের বলেন, খবর শুনে পাশের গলি দিয়ে তিনি দৌড়ে আসেন। হাসপাতালে নেওয়ার সময় বিভূতি তাঁকে বলেছেন, পরিচিত লোক বাসায় ঢুকে তাঁর হাত-পা বেঁধে আলমারির চাবি নেয়। এরপর শুভর মুখে কাপড় গুঁজে দিয়ে তাকে বের করে নিয়ে যায়। গতকাল দুপুরে কেবি রোডের বাসায় গিয়ে দেখা যায়, স্বামী-সন্তানের জন্য মাটিতে গড়াগড়ি করে বিলাপ করছেন শিউলি রানী। তিনি কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলেন, স্বামী মুঠোফোনে তাঁকে বলেছেন, ‘আমাদের চারতলার সাগর (ওরফে শাকিল) আমাকে মেরে ফেলতেছে। আমাকে বাঁচাও।’ এরপরই তিনি দ্রুত বাসার উদ্দেশে রওনা দেন। শিউলি রানী বলেন, ‘আমার নিষ্পাপ সন্তানকে কেন মারা হলো। আমি কী অন্যায় করেছি। হে ভগবান, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমি জানের বদলে জান দেব।’ শিউলি রানী পুলিশসহ যাকেই পেয়েছেন তাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, ‘আপনারা আমার স্বামীকে বাঁচান।’ বিভূতিরঞ্জন লালবাগের পোস্তায় চামড়ার ব্যবসা করেন। অভিযুক্ত সাগরদের সঙ্গে তাঁদের কোনো শত্রুতা ছিল না।সাগরের মা তাসলিমা বেগম সাংবাদিকদের বলেন, সাগর দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর সে মাদকাসক্ত হয়ে পড়ে। বাসার কোনো সদস্যের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না। স্থানীয় লোকজন জানান, সাগর বখাটে ও মাদকাসক্ত। এলাকার সন্ত্রাসীদের সঙ্গে তার সখ্য আছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপস্থিতিতে উপপরিদর্শক কাওছার আলী আহত বিভূতির জবানবন্দি নেন। তিনি জবানবন্দিতে বলেন, চারতলার সাগর বাসায় ঢুকে দা ঠেকিয়ে তাঁকে জিম্মি করে। এরপর তাঁর কাছ থেকে চাবি নিয়ে শুভকে ডেকে আলমারি খুলে টাকা আনতে বলে। শুভ টাকা এনে সাগরের হাতে তুলে দেওয়ার পর তার গলায় দুবার দা দিয়ে পোঁচ দিয়ে জবাইয়ের চেষ্টা করে। এরপর তাঁর সামনেই শুভর হাত-পা ও মুখ বেঁধে ফেলা হয়।হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিভূতির গলার দুই স্থানে আঘাত করা হয়েছে। তাঁর গলায় ছয় ইঞ্চি লম্বা ও দুই ইঞ্চি গভীর ক্ষত হয়েছে। চামড়া ও মাংস কেটে গেলেও শ্বাসনালি অক্ষত আছে। তাঁর গলায় অস্ত্রোপচার করা হয়েছে। অবস্থা আশঙ্কামুক্ত। সিমেন্ট ব্যবসায়ী খুন: গতকাল সকাল নয়টার দিকে পুলিশ কামরাঙ্গীরচরের মাতবর বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় রড-সিমেন্ট ব্যবসায়ী আবুল কাশেমের লাশ উদ্ধার করে। পুলিশ ও নিহতের পরিবারের দাবি, কাশেমকে অপহরণের পর খুন করে লাশ তাঁর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখা হয়।নিহত কাশেমের স্ত্রী মমতাজ বেগম জানান, গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় আসেন কাশেম। একটি ফোন আসার পর তিনি ঘাবড়ে যান। কাশেম তাঁর মাকে বলেন, ‘এক ব্যক্তি হুমকি দিয়েছে, আমাকে খুন করার জন্য সে দুই লাখ টাকা পেয়েছে।’ এরপর কাশেম জরুরি কাজ থাকার কথা বলে বাইরে যান। রাতে ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। মমতাজ জানান, তাঁদের অনেক জমিজমা আছে। দোকানের পেছনের জমি নিয়ে কাশেমের সঙ্গে তাঁর আত্মীয়দের বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। গতকাল সকালে মাতবর বাজারে তাঁর দোকান ঊষা ট্রেডার্সে গিয়ে স্বজনেরা শাটারের তালা খোলা পান। পরে শাটার তুলে ভেতরে কাশেমের ঝুলন্ত লাশ দেখতে পান। কাশেম কয়েক বছর আগে সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচন করে হেরে যান। তাঁর বাবা মৃত ইসহাক ২২ বছর ইউপি সদস্য ছিলেন।