গেন্ডারিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা
পুরান ঢাকার গেন্ডারিয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা দীন ইসলাম ওরফে দিলা (৪৫) খুন হয়েছেন। গত শুক্রবার রাতে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে গেন্ডারিয়া থানার কাছে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে। তিনি ঢাকা-৬ আসনের সাংসদ মিজানুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন। তাঁকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গেন্ডারিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ দুজনকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, আটক দুজন হলেন ৮২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফউদ্দিন ও জুয়েল। পুলিশ ও নিহত দীন ইসলামের পারিবারিক সূত্র জানায়, তিনি ঢাকা সিটি করপোরেশনের ৮২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর পৈতৃক নিবাস গেন্ডারিয়ার ৫৪/১, হরিচরণ রায় রোডে। তবে তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে খিলগাঁওয়ে থাকতেন। গত শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে তিনি মায়ের সঙ্গে দেখা করে হরিচরণ রায় রোডের বাসা থেকে মোটরসাইকেলে করে খিলগাঁওয়ের বাসায় ফিরছিলেন। গেন্ডারিয়া থানার কাছাকাছি কে বি দাস রোডে কয়েকজন সন্ত্রাসী তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে এবং গুলি করে দ্রুত পালিয়ে যায়। এলাকার লোকজন তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দীন ইসলাম রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ও রেন্ট-এ কারের ব্যবসা করতেন।দীন ইসলামের ভাই জাভেদ আহমেদ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, হত্যাকাণ্ডে শীর্ষস্থানীয় সন্ত্রাসী ডাকাত শহীদের সহযোগী, ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান ওরফে শহীদ কমিশনার, স্থানীয় শরীফউদ্দিন, জুয়েল, মনির ও মিলনের হাত রয়েছে। তাঁরা ইতিপূর্বে একাধিকবার দীন ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে সূত্রাপুর ও গেন্ডারিয়া থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জাভেদ বলেন, দীন ইসলাম চাঁদাবাজি ও মাদকের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছিলেন। কয়েক দিন আগে তিনি চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে একজনকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। এতে ডাকাত শহীদ ও তাঁর সহযোগীরা তাঁর ওপর ক্ষিপ্ত হন। দীন ইসলামের আরেক ভাই জসিমউদ্দিন বলেন, সম্প্রতি দীন ইসলাম ফরিদাবাদে জমি কিনেছিলেন। এ জন্য ডাকাত শহীদের সহযোগীরা তাঁর কাছে চাঁদা চান। শুক্রবার রাতে চাঁদার বিষয়টি জানাতে তাঁর ভাই থানায় গিয়েছিলেন। তিনি বলেন, ২০০০ সালে তাঁর আরেক ভাই ফারুক হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ২০০২ সালে তাঁর আরেক ভাই ওয়াসিমকে গুলি করে আহত করা হয়। ওয়াসিম পঙ্গু হয়ে দিন কাটাচ্ছেন।প্রতিবেশী আবদুল আলী জানান, ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন সামনে রেখে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন দীন ইসলাম। এ পর্যন্ত তিনি চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে দু-তিনজনকে পুলিশে ধরিয়ে দিয়েছেন।এলাকাবাসী জানান, আগে দীন ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। সন্ত্রাসীদের সঙ্গে তিনি চলাফেরা করতেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচন করার চিন্তা-ভাবনা শুরু করেন। কয়েক মাস ধরে প্রচারণার পাশাপাশি তিনি সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেন।গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গত এপ্রিলে দীন ইসলামের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফের মারামারি হয়েছিল। বিষয়টি মীমাংসা হলেও এর রেশ ছিল। এ ছাড়া শরিফের সঙ্গে তাঁর ছোটখাটো বিরোধ চলছিল। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, তা-ও তদন্ত করা হচ্ছে। ওসি জানান, দীন ইসলামের বিরুদ্ধে সূত্রাপুর থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে দু-তিনটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন এবং বাকি মামলায় জামিনে ছিলেন। তবে তাঁর ভাই জসিম দাবি করেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে দীন ইসলাম পাঁচ বছর পলাতক ছিলেন। ওই সময় ষড়যন্ত্রমূলকভাবে এসব মামলা করা হয়। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে দীন ইসলামের লাশ পুরান ঢাকার ফরিদাবাদ কবরস্থানে দাফন করা হয়। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্ত্রীর নাম সোমা আক্তার।