গেন্ডারিয়ায় ২০ কোটি টাকার জমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদখল হয়ে যাওয়া রাজধানীর গেন্ডারিয়ার প্রায় ২০ কোটি টাকার জমি উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে আদালত জমি উদ্ধার করে সেখানে সরকারি সাইনবোর্ড ঝুলিয়ে দেন।মোহাম্মদ আল-আমিন জানান, বাবুল মিস্ত্রিসহ কয়েকজনকে গেন্ডারিয়ার শরত্ গুপ্ত রোডের ৯১ শতাংশ জমি লিজ দিয়েছিল সরকার। কিন্তু ঢাকার শহীদ গ্রুপের মফিজ উদ্দিন গং জমিটি জোর করে দখলে নিয়ে সেখানে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। আজ ভ্রাম্যমাণ আদালত জমিটি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড লাগিয়ে দেয়। জমিটির মূল্য প্রায় ২০ কোটি টাকা। তিনি আরও জানান, দখলকারীদের বিরুদ্ধে মামলা করার জন্য গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্ঞানেন্দ্রনাথ সরকার বলেন, এটি অর্পিত সম্পত্তি ছিল। কয়েকজনকে এই জায়গাটি লিজ দেওয়া হয়েছিল। কিন্তু জমিটি বেদখল হওয়ায় আজ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এ ধরনের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এদিকে একই আদালত ওই এলাকার এশিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন। নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য হাইড্রোজ ব্যবহার করে লাড্ডু তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।