গেমসের টুকরো
মিডিয়া সেন্টারসবাই ব্যস্ত। কারোর দিকে ফিরে তাকানোরও সময় কারও নেই। কার আগে কে সংবাদ পাঠাবেন দক্ষিণ এশীয় গেমসের মিডিয়া সেন্টারে, তা নিয়েই চলে রীতিমতো প্রতিযোগিতা। শ্রীলঙ্কার টিভি সাংবাদিক রুপসেনা ব্যস্ত নিজের চ্যানেলের বুম হাতে। ক্যামেরাম্যান নির্দেশনা দিচ্ছেন। সেই মতো তিনি মুখের সামনে বুম তুলে প্রতিবেদন পড়ছেন। ভারতের প্রাদেশিক দৈনিক মালাইয়ালা মনোরমার সিনিয়র সাব এডিটর কে কে তো ঢাকা ডাইরি পাঠাননি বলে খুব চিন্তিত। মেইল ঠিকমতো গেল কি না আবার সেটা অফিসে জানাচ্ছেন ফোন দিয়ে। এক ফাঁকে এখানকার অভিজ্ঞতা বললেন সমীর, ‘ঢাকা শহরে প্রচুর ভিড়। যানজট। তবে এখানকার ইলিশ মাছ আর গরুর মাংসটা দারুণ! লোকগুলোও অতিথিপরায়ণ, কো-অপারেটিভ।’ পাকিস্তানের দৈনিক জিন্নাহ পত্রিকার সাংবাদিক শোয়েব কাজীরও ঢাকা শহরকে ভালো লেগেছে। কলকাতার বেহালার তরুণ সাংবাদিক তপন কোরেশি কাজ করেন পিটিআইতে। তিনি নিজেকে ভারতীয় সাংবাদিকের পরিচয়ের চেয়ে বাঙালি সাংবাদিক পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মিডিয়া সেন্টারে যতক্ষণ থাকেন বাংলা ভাষার খই ফোটে মুখে। বিচিত্র জায়গায় বলতে হবে মিডিয়া সেন্টারকে। কেউ ল্যাপটপে বাংলায় লিখছেন তো কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ তামিল আবার কেউ ইংলিশে লিখছেন। অনেকে তো আবার হাতে লিখছেন। আশপাশ থেকে ভেসে আসে নানা রকম ভাষা। হঠাত্ ঢুকে পড়া যে কারও মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশে আছি তো? নেপালিদের দুঃখনেপালি সাংবাদিক সুরেশ রাজ নিউপানের মনটা ভীষণ খারাপ। এখানে এসে একটার পর একটা দুঃসংবাদ শুনতে হচ্ছে। প্রথমে শুনলেন স্বদেশি খেলোয়াড়-কর্মকর্তারা লিফট দুর্ঘটনায় পড়েছেন। এরপর দেখলেন হকিতে ম্যাচের পর ম্যাচ গোল খেয়েই চলেছে তাঁদের দল। প্রথমে তাঁরা ভারতের কাছে ২১ গোল খাওয়ার পর পাকিস্তানের কাছে হজম করল ১৯ গোল। এরপর শ্রীলঙ্কা ১৫ গোল দিলেও বাংলাদেশ দিল ২৪টি। সব মিলিয়ে ৭৯ গোল। লজ্জায় নেপালি সাংবাদিকেরা পারলে মাথা হেট করেই বসে থাকেন হকি মাঠের প্রেস বক্সে!