ভারতীয় ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান-এর প্রতিবেদনবাংলাদেশ মুক্তিবাহিনীর কয়েকজন সেক্টর কমান্ডার সম্প্রতি একটি যুদ্ধ সমালোচনা বৈঠকে এই মত ব্যক্ত করেছেন যে মুক্তিবাহিনীর কমান্ডো ও গেরিলা আক্রমণের মুখে পাকিস্তানি সেনাবাহিনীর পশ্চাদপসরণে উত্ফুল্ল হওয়ার কারণ নেই, অনেক ক্ষেত্রে তা হয়তো কৌশলগত পশ্চাদপসরণ।এটা এখন স্পষ্ট, মূলত পশ্চিম পাকিস্তানিদের নিয়ে গড়া পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের কাদামাটি ও জনস্রোতে আতঙ্কিত হয়ে পড়েছে। এখন বাংলাদেশে বর্ষা মৌসুম চলছে—এমন ঋতুতে যুদ্ধ করতেও তারা অভ্যস্ত নয়। এখনকার কৌশল সম্ভবত গোলাবারুদ অপচয় না করে জমিয়ে রাখা এবং শক্তি সঞ্চয় করে বর্ষার পর বড় ধরনের আক্রমণ চালানো।মুক্তিবাহিনীর সদর দপ্তরে পাঠানো চিঠিতে কমান্ডাররা বলেছেন, যত দ্রুত সম্ভব, এই বর্ষা মৌসুমের সুযোগ কাজে লাগিয়ে আক্রমণ বাড়িয়ে দিতে হবে। পাকিস্তানি বাহিনীর পশ্চাদপসরণের সঙ্গে সঙ্গে মুক্তিবাহিনীর দখলাধীন এলাকা যতটা সম্ভব বাড়িয়ে নিতে হবে। কমান্ডাররা মনে করেন, বর্ষা মৌসুমের সুযোগ কাজে লাগিয়ে আক্রমণ চালিয়ে যাওয়ার মতো ‘অবকাঠামোগত’ সব প্রস্তুতি রয়েছে।পাকিস্তান সেনাবাহিনীর পশ্চিম সেক্টরে কর্মরত বাঙালি গোলন্দাজ ও অন্য সেনারা দল ত্যাগ করে পালিয়ে এসে মুক্তিবাহিনীতে যোগ দেওয়ায় এর শক্তি অনেক বেড়ে গেছে। এই দলত্যাগীরা সেই পশ্চিম থেকে দুর্গম পথ পাড়ি দিয়ে এত দূরে এসে মুক্তিবাহিনীর সদর দপ্তরে যোগ দিয়েছেন। কমান্ডাররা মনে করেন, এখন মুক্তিবাহিনীতে পুরো এক রেজিমেন্ট গোলন্দাজ রয়েছে। যাদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।কিন্তু কমান্ডাররা মনে করেন, বর্ষা মৌসুম—যা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত থাকার কথা? যদি ঠিকমতো কাজে লাগানো না হয়, বাংলাদেশের যুদ্ধ আরও দীর্ঘমেয়াদি হয়ে পূর্ব ও পশ্চিম উভয় বাংলার জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেবে। কমান্ডাররা মনে করেন, আগামী তিন মাস ব্যবহূত অস্ত্র ও গোলাবারুদ পুনর্ভরণ করা হলে অনেক বেশি সাফল্য অর্জন করা সম্ভব হবে।মুক্তিবাহিনীর কমান্ডারদের সবাই পাকিস্তান সেনাবাহিনীর সাবেক সদস্য। প্রথাগত যুদ্ধে পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং যুক্তরাষ্ট্রের ব্যস্থাপনায় দেশে এবং কোনো ন্যাটো দেশে তাঁরা বিশেষায়িত প্রশিক্ষণও নিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের কারণে মুক্তিবাহিনীর সঙ্গে মোকাবিলার পর তারা কী প্রক্রিয়ায় এগোতে পারে তা তাঁদের জানা। কমান্ডাররা মনে করেন, এককপ্রতি গুলিবর্ষণ ক্ষমতার প্রশ্নে মুক্তিবাহিনী এমনকি ভারতীয় বাহিনীর তুলনায় পাকিস্তানি বাহিনী উচ্চতর অবস্থানে রয়েছে।আমেরিকা ও চীন থেকে সরবরাহ করা সব ধরনের স্বয়ংক্রিয় অস্ত্রে পাকিস্তানি সেনাবাহিনী সজ্জিত। তাদের অস্ত্র মজুদ কমার সঙ্গে সঙ্গে চায়নিজ ও পশ্চিমের অন্যান্য শক্তি তা পূরণ করে দিচ্ছে।কমান্ডোদের বিষয়টি স্পষ্টভাবেই বলা হয়েছে। গেরিলা ও কমান্ডোদের জন্য তাঁরা আরও অস্ত্র চান। সারা বাংলাদেশের সীমান্তে বিভিন্ন ক্যাম্পে পূর্ণোদ্যমে গেরিলা প্রশিক্ষণ চালানো হচ্ছে। অস্ত্রের সরবরাহস্বল্পতার কারণে প্রশিক্ষিত যোদ্ধাদের অনেককেই কাজে লাগানো যাচ্ছে না।কিছুসংখ্যক গেরিলা ইউনিট বাংলাদেশের গ্রামাঞ্চলের ভেতরে প্রবেশ করে সেখানে প্রশিক্ষণকেন্দ্র খুলেছে। এসব স্থানে প্রশিক্ষণের সুবিধা পেয়ে স্থানীয় লোকজন অভিভূত। বেশ কিছু সময় ধরে প্রশিক্ষণ চলছে এবং সারা দেশেই শক্তিশালী ‘রিয়ার ইউনিট’ গঠনের কাজ এগিয়ে চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বর্ষা মৌসুমে মুক্তিবাহিনীর সাফল্য মূলত নির্ভর করবে কতটা তাড়াতাড়ি সম্মুখ সমরে এবং পেছনে সেনা মোতায়েন সম্পন্ন করা যায় তার ওপর।কমান্ডাররা মনে করেন, অস্ত্র সংগ্রহের জন্য এখনই সম্ভাব্য সব উত্স অনুসন্ধান করা প্রয়োজন। সম্প্রতি সেক্টর কমান্ডাররা বাংলাদেশ মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করে যুদ্ধ-পরিস্থিতি ব্যাখ্যা করেছেন এবং আরও অস্ত্রের জোগান দেওয়ার অনুরোধ জানিয়েছেন। প্রয়োজনটা যত না অত্যাধুনিক অস্ত্রের, তার চেয়ে বেশি সাধারণ যুদ্ধাস্ত্রের। তাঁরা মন্ত্রিপরিষদকে বলেছেন, গেরিলারা কেবল লাঠি আর ডেগার নিয়ে সশস্ত্র বাহিনীর মোকাবিলা করবেন—এটা আশা করা ঠিক নয়।বাংলাদেশের গেরিলাযুদ্ধ পৃথিবীর অন্যান্য স্থানের গেরিলাযুদ্ধের সঙ্গে তুলনীয় নয়—বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ প্রথম থেকেই বাড়তি সুবিধা পেয়ে আসছে। প্রথমত, জনগণ যুদ্ধে স্বাধীনতার পক্ষে। দ্বিতীয়ত, মুক্তিবাহিনীর মূল অংশ গঠিত হয়েছে সম্পূর্ণ প্রশিক্ষিত সেনাসদস্যদের দিয়ে। মুক্তিবাহিনীর পদাতিক, গোলন্দাজ, সিগন্যাল ইউনিটসহ বিভিন্ন ধরনের যুদ্ধ ইউনিট, রসদ সরবরাহ প্রশাসন এবং চিকিত্সাসেবা ইউনিট রয়েছে।কয়েকজন কমান্ডার প্রতিবেদককে বলেছেন, তাঁদের বক্তব্য গ্রহণ করা হয়েছে। তাঁরা মনে করেন, অস্ত্র সংগ্রহে বাংলাদেশ সরকার সাধ্যমতো চেষ্টা করবে, যাতে বর্ষার অবশিষ্ট সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়। এ পর্যন্ত যে পরিমাণ অস্ত্র পাওয়া গেছে, তাতে মুক্তিবাহিনীর যে সাফল্য, তা এ ধরনের পরিস্থিতিতে যেকোনো সেনাবাহিনীর জন্যই গৌরবের।