গোঁফ-বাহাদুর রাম সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোঁফের বাহাদুরি করতেই পারেন ভারতের রাম সিং চৌহান। পুরো ১৪ ফুট (৪ দশমিক ২৯ মিটার) লম্বা তাঁর গোঁফ। এর মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা গোঁফের অধিকারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠে তাঁর। এই বাহাদুরি কেবল নিজের মধ্যেই রাখতে চান না রাম সিং, অন্যরা যাতে এমন গোঁফের মালিক হতে পারেন—এ ব্যাপারে কিছু টোটকা দিয়েছেন তিনি। বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৫৪ বছর বয়সী রাম সিং ১৯৭০ সাল থেকে গোঁফ লম্বা করার যজ্ঞ শুরু করেছিলেন। এরপর কেবল ঠোঁটের আশপাশের জায়গা ছাড়া আর কখনো গোঁফ ছাঁটা হয়নি তাঁর। রাম সিং বলেন, গোঁফ বড় করতে চাইলে একেবারে অল্প বয়সেই শুরু করা ভালো। তরুণ বয়সে গোঁফ দ্রুত বাড়ে। বয়স যত বাড়ে, হরমোনের শক্তিও তত কমতে থাকে। তখন গোঁফের বৃদ্ধির হারও কমে যায়।লন্ডনভিত্তিক হ্যান্ডলবার ক্লাবের স্টিভ পার্সনস রাম সিংয়ের এই পরামর্শ সমর্থন করে বলেন, যুবক বয়সে যে গোঁফ রাখা হয়, তা অনেক বেশি মজবুত হয়। বেশি বয়সে গোঁফ রাখলে তা পাকতে শুরু করলে নাজুক ও দুর্বল হয়ে পড়ে। রাম সিং প্রতিদিন অন্তত এক ঘণ্টা তাঁর গোঁফ পরিচর্যায় ব্যয় করেন। তিনি বলেন, ‘আমি নিয়মিত আমার গোঁফে তেল দিয়ে পরিচর্যা করি। এ কাজে আমার স্ত্রী আমাকে সাহায্য করে।’ অবশ্য শুরুতে স্ত্রী আশা ছিলেন বিপক্ষে। গোঁফ নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো রাম সিংয়ের। কোথাও বের হওয়ার সময় তৈরি হতে গোঁফের জন্য সময় বেশি লাগত তাঁর। প্রথম দিকে বাইরের পরিবেশটাও তাঁর জন্য স্বস্তিকর ছিল না। কোথাও গেলে সবাই অবাক চোখে তাঁর দিকে তাকিয়ে থাকত। তখন চরম অস্বস্তিতে পড়তেন আশা। পরে অবশ্য ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। স্বামী গোঁফের খ্যাতি এই অস্বস্তি ঢেকে দিয়েছে। আশা বলেন, রাম সিংয়ের গোঁফ এখন তাঁর পরিবারের একটি অংশের মতো। গোঁফ নিয়ে স্বামীর গর্ব তাঁকেও গর্বিত করে।