গোঁফ দেখে যায় বেড়াল চেনা। আর বিজ্ঞানীরা বলছেন, গোঁফ দেখে মাছের শিকারক্ষমতার খবর বলে দেওয়া যায়। তাঁরা বলছেন, অন্য যেকোনো মাছের চেয়ে গোঁফওয়ালা সিল মাছের শিকারের ক্ষমতা বেশি। ১০০ মিটার দূরবর্তী কোনো মাছকেও এরা সহজেই শিকার করতে পারে এবং তারা এ কাজটা করে তাদের গোঁফ ব্যবহার করে! সিল মাছের গোঁফের গরিমা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা একটি কৃত্রিম মাছ পানিতে ছেড়ে দেন। দেখা যায়, কৃত্রিম মাছটি কোন দিকে আছে, হেনরি নামের একটি পোষা গোঁফওয়ালা সিল মাছ ঠিক ঠিক তা ধরতে পারে। এ নিয়ে জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজিতে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন গবেষকেরা।জার্মানির রস্টক বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স সেন্টারের ড. উল্ফ হ্যাঙ্ক এ গবেষণায় নেতৃত্ব দেন। তাঁর দলের সদস্যরা একটি চিড়িয়াখানায় খোলা পুলে পরীক্ষাটি সম্পন্ন করেন। প্রথমে তাঁরা কাপড় দিয়ে হেনরির চোখ বেঁধে ফেলেন, যেন তা শিকার ধরতে চোখ ব্যবহারের সুযোগ না পায়। এরপর মাছটির মাথায় একটি হেডফোন জুড়ে দেন। কীভাবে শুধু তার গোঁফ ব্যবহার করে পানি থেকে অনুভূতি গ্রহণ করে শিকার ধরে—এটাই ছিল দেখার বিষয়। হেডফোন পরতে হেনরি কি কোনো আপত্তি করেনি? ড. হ্যাঙ্ক জানালেন, ‘মোটেও আপত্তি করেনি, বরং হেনরির মধ্যে আগ্রহ ছিল। কারণ, এটাকে সে খেলার সামগ্রী বা খাবার ভেবেছিল।’পুলের পানি ছিল শান্ত। পানির মধ্যে একটি বাক্স রাখা হলো। হেনরিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এমনভাবে, একটি বলের সংকেত পাওয়ামাত্র সে বাক্সটিতে ঢুকে পড়বে। একটি কৃত্রিম মাছ আগে থেকেই ছেড়ে দেওয়া ছিল বাক্সটির মধ্যে। বাইরে থেকে এই মাছটাকে রাবারের পাখনা নেড়ে এদিক-সেদিক নড়াচড়া করানো হচ্ছিল। পরীক্ষায় দেখা গেল, কৃত্রিম মাছটি যেদিকে তার পাখনা নাড়ছে, হেনরির দৃষ্টিও ঠিক সেদিকেই! কৃত্রিম মাছটির নড়াচড়া বন্ধের ৩৫ সেকেন্ডের মাথায় সিলটি তাকে শনাক্ত করে। এ সময়ের মধ্যে যেকোনো মাছ ১০ থেকে ১০০ মিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। সিল মাছের এ পরীক্ষা বেশ কার্যকর হতে পারে বলে তিনি আশাবাদী। তাঁর দল এরপর জীবন্ত মাছ নিয়ে গোঁফওয়ালা সিল মাছের শিকারক্ষমতার পরীক্ষা করবে বলে জানিয়েছেন তিনি।জাহাঙ্গীর আলমবিবিসি নিউজ অবলম্বনে