গোদাগাড়িতে মাদক ব্যবসা জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ি পৌর এলাকার মাদারপুর মহল্লার জিয়াউর রহমান এখন থেকে বছর দশেক আগে রাজমিস্ত্রির কাজ করতেন এবং বাইসাইকেলে করে চিনি টানতেন। হঠাত্ কী এক ব্যবসার খোঁজ পেয়ে সপরিবারে ঢাকায় চলে যান। ঢাকা থাকলেও মাদারপুর মহল্লায় তৈরি করেছেন আলিশান বাড়ি। শুধু তা-ই নয়, এই কয় বছরের মধ্যে তিনি মালিক হয়েছেন চারটি ঢাকা কোচের। এভাবে রাতরাতি আঙুল ফুলে কলাগাছ হওয়ার দৃষ্টান্ত যেমন সেখানে রয়েছে, তেমনি রয়েছে নিঃস্ব আর পঙ্গু হওয়া শত শত পরিবারের গল্প। ভারতীয় সীমান্তবর্তী উপজেলা গোদাগাড়িতে মানুষের এ পরিবর্তনের পেছনে রয়েছে মাদক ব্যবসার ভয়াবহতা।স্থানীয় সূত্রমতে, গোদাগাড়ির মাদক ব্যবসায়ীরা নিজেরা আড়ালে থেকে তাঁদের মাদক বহনকারী কর্মচারীদের দিয়ে এ ব্যবসা চালান। কোথাও মাদকসহ কর্মচারীরা ধরা পড়লে মামলাটি তাঁরা তদ্বির করে কর্মচারীদের আসামি করা হয় এবং আসল ব্যবসায়ীরা রয়ে যান পর্দার আড়ালে। এভাবে ব্যবসায়ীদের বহনকারী হয়ে প্রকারান্তরে মাদকাসক্ত হয়ে অনেকেই দুর্বিষহ জীবন যাপন করছেন। অনেক পরিবারে বাবার দেখাদেখি আসক্ত হয়ে পড়েছে সন্তান।গত ২৭ ডিসেম্বর মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান ও তাঁর কর্মচারী সুমনকে হেরোইনসহ আটক করেছেন ঢাকা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ দপ্তরের পরিদর্শক আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক হওয়ার পর জিয়াউর রহমান তাঁকে ছেড়ে দিয়ে তাঁর মাদক বহনকারী কর্মচারী সুমনের নামে মামলা করার প্রস্তাব করেন। বিনিময়ে সে তাঁদের ২০ লাখ টাকা দিতে চান। জানা গেছে, সে সময় ধরা পড়লেও জিয়া অল্প কিছু দিন পরেই জামিনে ছাড়া পেয়েছেন।পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, ‘তাঁদের সোর্সের মাধ্যমে ব্যবসায়ী সেজে হেরোইন কিনতে গিয়ে তাকে আটক করা হয়। সে অত্যন্ত ধুরন্ধর ব্যবসায়ী। তাঁদের সঙ্গে ২৫০ গ্রাম হেরোইনের চুক্তি করে সে এর মধ্যে ২০০ গ্রাম কেমিক্যাল মিশ্রণ করেছে। তিনি বলেন, আটক করার সময় তার কাছ থেকে হেরোইন ওজন করার স্বয়ংক্রিয় মেশিনও উদ্ধার করেন। জিয়া তাঁদের কাছে স্বীকার করেছে, গোদাগাড়ির জব্বার নামের এক ব্যক্তি তার সরবরাহকারী এবং ঢাকার মাসুম ও যাত্রাবাড়ীর সুন্দরী তার ব্যবসায়িক অংশীদার।’২০০৮ সালের ১ জুলাই গোদাগাড়ি রেলবাজার এলাকায় একটি হেরোইনের চালান আটক হলে শফিকুল ইসলাম নামের একজন বহনকারীর নামে মামলা হয়। পুলিশ জানায় নৌকায় করে হেরোইনের ওই চালান পার করার সময় নৌকার মাঝিসহ অন্য দুই ব্যক্তি নৌকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক শফিকুল পুলিশকে জানান, সে আসলে নাজিবুরের কর্মচারী। তদন্ত শেষে পুলিশ নাজিবুরের নামে অভিযোগপত্র দায়ের করে। এ মামলায় নাজিবুর হাইকোর্ট থেকে জামিন নেন। কিন্তু হাইকোর্ট তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।গত বছর সেপ্টেম্বর মাসে থানায় নজিবুরের নামে গ্রেপ্তারি পরোয়ানা আসে। এর পরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। গত ১৮ জানুয়ারি রাজশাহীর আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আর মাসুদ তাঁকে জেলহাজতে প্রেরণ করেন। স্থানীয় ব্যক্তিরা জানান, আরও একাধিকবার হেরোইনসহ নাজিবুরের কর্মচারী ধরা পড়ে তাঁর নাম বললেও তদ্বির করে ওই মামলা থেকে বেঁচে যান।১ ফেব্রুয়ারি গোদাগাড়ির মাদারপুর মহল্লায় গিয়ে দেখা যায়, জিয়াউর রহমান ও নাজিবুরের বাড়ি প্রায় পাশাপাশি। দুজনের বাড়িই সে দিন তালাবদ্ধ ছিল। জিয়াউর রহমানের বাড়ির সামনেই তাঁর মামাতো ভাইয়ের বাড়ি। মামাতো ভাই জাহিদ বলেন, এখানে জিয়ার মা ছাড়া আর কেউ থাকে না। জিয়ার ব্যবসা সম্পর্কে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, তাদের সঙ্গে পারিবারিক বিরোধ রয়েছে। সে জন্য তাঁরা তাদের খোঁজখবর রাখেন না বলে তিনি সেখান থেকে চলে যান। স্থানীয় কয়েকজন নারী এ প্রতিবেদককে জানান, জিয়া খুব কষ্ট করে বড় হয়েছেন।সেখান থেকে চলে আসার পরেই জিয়ার ভগ্নিপতি পরিচয় দিয়ে মোবাইল ফোনে জুলফিকার আলী নামের এক ব্যক্তি এ প্রতিবেদককে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রকৃতপক্ষে হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত নন। জিয়াউর রহমান লতা এন্টারপ্রাইজ নামের চারটি ঢাকা কোচের মালিক হয়েছেন কীভাবে—জানতে চাইলে তিনি বলেন, জিয়ার ভাই বিদেশে গিয়েছিলেন। ওই টাকা দিয়েই এগুলো কেনা হয়েছে। তিনি এ বিষয়ে কোনো খবর না ছাপার জন্য অনুরোধ করেন। ওই দিন মাদারপুর মহল্লায় নাজিবুরের আলিশান বাড়িতেও কাউকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানায়, নাজিবুর এখানে থাকেন না। তাঁর ভাইয়ের ছেলেরা থাকে। এখন তাঁরা বাইরে আছেন। প্রতিবেশী এক বৃদ্ধ বলেন, নাজিবুরের পৈতৃক বাড়ি পদ্মা নদীর ওপরে চর কোদালকাটি এলাকায়। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে পড়ে। ১৯৯৮ সালে সে এসএসসি পাস করে। তার বাবা সেকেন্দার আলী কৃষিকাজ করে কোনো রকমে সংসার পরিচালনা করতেন। ২০০১ সালের দিকে নাজিবুর হেরোইন ব্যবসায়ে জড়িয়ে পড়ে। সে বিভিন্ন রুটে ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। এর পর পরই সে গোদাগাড়ি উপজেলার মহিষালবাড়ী এলাকায় নূরী ফ্যাশান নামে একটি গার্মেন্টসের দোকান করে। এরপর তিনি মাদারপুর এলাকায় এ পাকা বাড়িটি কিনে। ২০০৭ সাল থেকে সে ঢাকায় ব্যবসা করার নামে স্থায়ীভাবে বসবাস করে। স্থানীয়রা জানান, গোদাগাড়িতে যে কয়েকজন মানুষ মাদক ব্যবসা করে রাতারাতি ধনী হয়েছেন, নাজিবুর তাঁদের মধ্যে অন্যতম। নাম প্রকাশে অনিচ্ছুক গোদাগাড়ি থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, কয়েক দিন আগে একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে একটি বাড়ির ভেতরে ঢুকে তিনি অবাক হয়ে গেছেন। ভেতরে দামি টাইলস বসানো এবং এমন জাঁকজমক চেহারা বাইরে থেকে বোঝার উপায় নেই। ওই কর্মকর্তা বলেন, মাদারপুরে এ রকম অনেক বাড়িই আছে। যাঁরা মাদক ব্যবসা করে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন এবং একইভাবে তাঁদের বাহক হিসেবে ্ব্যবহূত হয়ে একসময় আসক্ত হয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। ওই কর্মকর্তা বলেন, এখন মাদারপুর মহল্লার প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত। হাতের কাছে মাদকের বিস্তারের কারণে এ মহল্লার বেশির ভাগ পরিবারের যুবকেরাই মাদকাসক্ত হয়ে পড়েছে। এ জন্য এলাকায় একাধিক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রও গড়ে উঠেছে। কথা হয় গোদাগাড়ি উপজেলার মহিষালবাড়ী এলাকার যুবক ফারুকের সঙ্গে। ফারুক বলেন, নবম শ্রেণীতে পড়ার সময় হাতখরচের পয়সার জন্য তিনি এলাকার এক ব্যবসায়ীর ফুটফরমায়েশ খাটতেন। এভাবে চা-সিগারেটের সঙ্গে সঙ্গে ফেনসিডিলও এনে দিতেন। তিনি বলেন, মজার জিনিস বলে একসময় তাঁকেও খেতে দেওয়া হয় ফেনসিডিল ও হেরোইন। আসক্ত হয়ে পড়ার পর আর সেখান থেকে বের হতে পারেন না। লেখাপাড়াও বন্ধ হয়ে যায়। মা-বাবা মারা যাওয়ার পর এখন তাঁর দুঃসময় যাচ্ছে। বিবাহযোগ্য একটি বোন আছে। ফারুক বলেন, তাঁকে নিয়ে গোটা পরিবারই এখন অশান্তির আগুনে পুড়ছে। শুধু ফারুক নয়, গোদাগাড়ির শত শত পরিবারে এভাবে হেরোইনের কারণে পঙ্গু হয়ে গেছে।বাবা আমজাদ হোসেনকে হেরোইন সেবন করতে দেখে একই এলাকার ১০ বছর বয়সী আলী হোসেনও হেরোইনে আসক্ত হয়ে পড়েছে। এ কারণে চতুর্থ শ্রেণীর পর তার আর লেখা পড়া হয়নি। এখানে মাদক সহজলভ্য হওয়ার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে আসক্তরা মনে করে।স্থানীয় লোকজনের হিসাবমতে, বর্তমানে গোদাগাড়িতে মাদকাসক্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। গত কয়েক বছরে আসক্ত প্রায় ৯০ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর পরও মাদকাসক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মাদকাসক্ত ব্যক্তিরা বলছে, হাত বাড়ালেই এখানে মাদকদ্রব্য পাওয়া যায়। তাই ছাড়তে ইচ্ছা করলেও তারা মাদক ছাড়তে পারে না। গোদাগাড়ি পৌর এলাকার মহিষালবাড়ী মহল্লার বাসিন্দা ইসমাইল হোসেন মারা যাওয়ার পর তাঁর স্ত্রী জরিনা বেওয়া এক ছেলে ও চার মেয়ে নিয়ে অতিকষ্টে সংসার চালাতেন। কষ্ট করেই একমাত্র ছেলে ফরহাদকে কলেজে পড়াতেন। সেই ছেলে একইভাবে হেরোইন খাওয়া ধরে, কিন্তু জরিনা বেওয়ার পক্ষে সংসার চালানো ও ছেলের লেখাপড়ার খরচ জোগাড় করাই কঠিন ছিল। তাঁর পক্ষে ছেলের হেরোইনের খরচ দেওয়া সম্ভব হয়নি। নেশার টাকা না পেয়ে সে আত্মহত্যা করেছে। একই এলাকার উজ্জ্বল নামের এক যুবক মাদকাসক্ত হয়ে নিজের ঘরেই মরে পড়েছিলেন। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, ‘অনেক দিন আগেই এখানে মাদক ব্যবসার সূত্রপাত হয়েছে। তাঁরা এগুলো নিয়ন্ত্রণের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সব রকম চেষ্টা করছেন।’