গোদাগাড়ীতে টমেটোর ফলন খুবই কম, দিশেহারা কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার হাজার টমেটো গাছ। কিন্তু অল্পসংখ্যক গাছে সামান্য কিছু টমেটো ধরেছে। ফলন খুবই কম হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। ক্ষতিপূরণের দাবিতে বীজ কোম্পানি সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ক্ষতিগ্রস্ত চার কৃষক। একই দাবিতে আগামীকাল মঙ্গলবার গোদাগাড়ীতে বিক্ষোভ সমাবেশ ডেকেছেন কৃষকেরা।সিনজেনটা বাংলাদেশের পরিচালক (মানবসম্পদ) সাইদুল হাসান খান গতকাল রোববার প্রথম আলোর কাছে দাবি করেন, ‘গোদাগাড়ীর যে কৃষকেরা আমাদের বীজ ব্যবহার করেছেন বলে দাবি করছেন, তাঁদের কাছে সিনজেনটা কোনো বীজ বিক্রি করেনি। যাঁরা সিনজেনটা বীজ কিনেছেন, তাঁদের তালিকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় কার্যালয়ে রয়েছে।’ সাইদুল জানান, ‘সিনজেনটা উৎপাদিত সবল (এফ-১) টমেটোর বীজ নভেম্বর মাস থেকে জমিতে রোপণ করতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। কিন্তু গোদাগাড়ীর কৃষকেরা অতিরিক্ত দাম পাওয়ার আশায় এর আগেই আগস্ট মাস থেকে টমেটোর বীজ রোপণ করেন। এতে স্বাভাবিকভাবেই ৩০ শতাংশ ফলন কম হয়।’গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার অন্যতম অর্থকরী ফসল টমেটো। গত বছর উপজেলায় চার হাজার হেক্টর জমিতে এক লাখ ২২ হাজার ৩৫০ মেট্রিক টন টমেটো উৎপাদিত হয়। এবারও চার হাজার হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে।স্থানীয় কৃষকেরা জানান, গোদাগাড়ীর বেশির ভাগ বিত্তশালী নিজেরা জমি চাষ না করে বর্গা দেন। এ কারণে উপজেলায় টমেটো চাষির বড় অংশটি বর্গা চাষি। এক বিঘা জমি বর্গা নিতে কৃষকদের আট থেকে ১০ হাজার টাকা খরচ হয়। এ ছাড়া চাষাবাদে প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা করে খরচ হয়। এক বিঘা জমিতে টমেটো চাষ করে ৪০ থেকে ৬০ হাজার টাকার টমেটো বিক্রি করতে পারেন কৃষকেরা। তাঁরা নভেম্বর মাস থেকে পরের তিন মাস পর্যন্ত টমেটো তুলতে পারেন।কৃষকেরা জানান, টমেটো চাষাবাদের জন্য তাঁরা প্রতিবছর আশ্বিন মাসের শুরুর দিকে সিনজেনটা বাংলাদেশের সবল (এফ-১) জাতের বীজ রোপণ করেন। এবার রোপণ মৌসুমে ওই কোম্পানির বীজের সংকট চলছিল। কৃষকেরা চড়া দামে বীজ কেনেন। কিন্তু এবার ওই কোম্পানির বীজ থেকে শুধু টমেটোর গাছই হয়েছে। টমেটো ধরছে না বললেই চলে। প্রতিবার ২০ নভেম্বরের সময় এক বিঘা জমিতে সপ্তাহে ৪০ মণ করে টমেটো ওঠে, কিন্তু এবার ১০ কেজি টমেটোও উঠছে না।ফলন খুবই কম হওয়ায় ক্ষতিপূরণের দাবিতে গোদাগাড়ীর মহিশালবাড়ী সাগরপাড়া গ্রামের মোখলেসুর রহমানসহ চার কৃষক গত ৮ নভেম্বর সিনজেনটা বাংলাদেশের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।মামলার আরজিতে বলা হয়েছে, সিনজেনটার গোদাগাড়ীর পরিবেশক রবিউল ইসলামের কাছে ৩৪ হাজার টাকা দিয়ে ৪০ প্যাকেট সবল এফ-১ হাইব্রিড টমেটো বীজ কেনেন বাদীপক্ষ। নির্দেশাবলি অনুযায়ী বীজতলায় চারা উৎপাদনের পর মোখলেসুর রহমান, মতিউর রহমান, জিয়াউর রহমান ও আবদুর বারী যৌথভাবে উপজেলার মহিশালবাড়ী, রামনগর, আতাহার, আঁচুয়া ও আমতলী মৌজায় ১৫ একর জমিতে বীজতলায় উৎপাদিত সবল এফ-১ হাইব্রিড টমেটোর চারা রোপণ করেন আশ্বিন মাসের শুরুতে। কিন্তু বীজের মান খারাপ থাকায় টমেটোর গাছগুলো রোপণের ১৫ দিনের মাথায় বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকে। ফলে বেশির ভাগ গাছে টমেটো না এসে গাছগুলো শুকিয়ে মারা যায়। এতে তাদের ১৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়।গতকাল গোদাগাড়ীতে গিয়ে দেখা যায়, আগামী মঙ্গলবার গোদাগাড়ীর মহিষালবাড়ী হাটে কৃষক সমাবেশ আহ্বান করে এলাকায় মাইকিং করা হচ্ছে। উপজেলার সরমুংলা, আমতলী, আতাহারী, কার্বের মাঠ, রামনগর, আঁচুয়া, সোনাদিঘি, মোহরাপুর সোনাদিঘির কৃষকেরা দাবি করেন, তাঁদের যেসব জমিতে সবল জাতের বীজ রোপণ করা হয়েছে, তাতে দু-একটি করে টমেটো রয়েছে, কিন্তু বড় হয়নি। আবার জমিতে বিভিন্ন জাতের টমেটো গাছ হয়েছে। কিন্তু অন্য জাতের বীজের জমিতে প্রচুর টমেটো হয়েছে।সরমুংলা মাঠে কথা হয় উপজেলার মহিষালবাড়ী সাগরপাড়া গ্রামের কৃষক রবিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘৬৪ হাজার টাকায় আট বিঘা জমি বর্গা নিয়ে টমেটো চাষ করেছি। চাষ করতে খরচ হয়েছে ৯৬ হাজার টাকা।’ তিনি জানান, প্রতিবছর এ সময় প্রতি বিঘা জমিতে সপ্তাহে ৪০ থেকে ৬০ মণ হারে টমেটো ওঠে। এবার তার কোনো জমিতেই এ পর্যন্ত ২৫ কেজির বেশি টমেটো ওঠেনি।রবিউল বলেন, সিনজেনটা কোম্পানির লোকদের সমস্যার কথা জানালে তাঁরা কোম্পানির কীটনাশক ব্যবহার করার পরামর্শ দেন। তাঁদের কথা শুনে এটা-ওটা করতে গিয়ে তাঁরা আরও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, এবার টমেটো চাষ করতে সার কীটনাশকের দোকানে লক্ষাধিক টাকা ঋণ হয়েছে। এই ঋণ শোধ করতে তিনি একটি গরুসহ ঘরের দুই বান্ডিল টিনও বিক্রি করেছেন। একই মাঠে দেখা হয় গড়ের মাঠ গ্রামের কৃষক সাকিরুল ইসলামের সঙ্গে। তিনি আট বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। এর মধ্যে সাড়ে ছয় বিঘা জমিতে সিনজেনটা কোম্পানির সবল জাতের বীজ রোপণ করেছেন। এই ছয় বিঘা জমিতে এ পর্যন্ত প্রতি সপ্তাহে মাত্র ১০ কেজি করে টমেটো পেয়েছেন।একই গ্রামের কৃষক মোখলেসুর রহমান বলেন, তাঁরা চার ভাই মহিষালবাড়ী, আঁচুয়া, রামনগর, আমতলী, আতাহারী ও সরমুংলা মাঠে মোট ৪০ বিঘা জমিতে সবল (এফ-১) বীজের টমেটো চাষ করেছেন। এখন পর্যন্ত মাত্র দুই মণ টমেটো বিক্রি করেছেন। গত বছর এ সময়ে প্রতি সপ্তাহে অন্তত ৫০০ মণ করে টমেটো বিক্রি করেছেন। তাঁরা এবার সবল জাতের বীজ রোপণ করে একেবারে পথে বসে গেছেন।উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা পেয়ে তদন্ত শুরু করেছেন। কৃষকদের ক্ষতির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, উপজেলার ৮০ শতাংশ কৃষক এবার সবল (এফ-১) বীজ ব্যবহার করেছেন। কৃষকদের ক্ষতি হয়েছে, এটা সত্য। তবে কয়েকটা খেতে ফলন ভালো হয়েছে।সাইফুল জানান, বীজ রোপণের সময় সবল জাতের বীজের সংকট চলছিল। তিনি সমাবেশ করে কৃষকদের অন্য জাতের বীজ রোপণের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অন্ধবিশ্বাসের কারণে কৃষকেরা ওই বীজই রোপণ করেন। এ ব্যাপারে সিনজেনটা কোম্পানির স্থানীয় পরিবেশক রবিউল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে এবার এক মাস পরে শীতের মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা প্রতিবছর ১০ দিন করে টমেটো চাষ এগিয়ে নেন। এইভাবে তাঁরা এবার প্রায় দুই মাস আগেই টমেটো চাষ করেছেন। তাই এ সমস্যা হয়েছে।’ অন্য জাতের ফলন ভালো হওয়ার ব্যাপারে রবিউল বলেন, ‘ওগুলো আগাম জাতের বীজ।’ মামলার ব্যাপারে তিনি বলেন, তিনি কোনো ভুল করেননি। এখন যা করার কোম্পানি করবে।