গোদাগাড়ীতে পদ্মার ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামার বয়সে চারবার বাড়ি ভাইঙ্গা এখানে বাড়ি করেছিনু। এখন আর বাড়ি করার জায়গা পাচ্ছিন্যা।’ নদীর ঘাটে বসে এভাবেই ভাঙনের ভয়াবহতার কথা বলছিলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আষাঢ়িয়াদহ ইউনিয়নের নামো বয়ারমারি গ্রামের কৃষক আফফান আলী (৫৫)। গত ১৫ দিনে পদ্মার ভাঙনে ওই গ্রামের ২৫টি বাড়ি ভেঙে গেছে। গত দুই বছরে গ্রামের অর্ধেকটাই নদীগর্ভে বিলীন হয়েছে। বিলীন হয়েছে প্রায় দেড় হাজার বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে আরও ৩৫টি বাড়ি। আষাঢ়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাঞ্জাব আলী গতকাল বুধবার প্রথম আলোকে জানান, এখন থেকে ৩৫ বছর আগে চাঁপাইনবাবগঞ্জের রানীনগর এলাকায় নদীভাঙনের শিকার হয়ে এসব মানুষ নমো বয়ারমারি গ্রামে এসে জায়গা-জমি কিনে বসতি গড়ে তোলে। এখানে তারা এই এলাকার মানুষের জমি বর্গা নিয়ে চাষাবাদ করছিল। গত কয়েক দিনের ভাঙনে গ্রামের ২৫টি পরিবার একেবারে বাস্তুহারা হয়ে পড়েছে। গতকাল বুধবার নমো বয়ারমারি গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙনের শিকার পরিবারগুলো এখানে-সেখানে তাদের ঘরের চালা ফেলে রেখেছে। কাত করে ফেলে রাখা চালার নিচেই পরিবার-পরিজন নিয়ে দিন কাটাচ্ছে তারা। কেউ খোলা আকাশের নিচেই রাত কাটাতে বাধ্য হচ্ছে। গ্রামের আবদুল বারেকের স্ত্রী নাজেরা বেগম (২০) জানান, ‘পানির ওপরে ফেনা জমতে দেখলেই জান শুকাইয়ে যাচ্ছে।’ নাজেরা বেগম নিজের ঘরটা দেখিয়ে বলেন, ‘দেখেন না কেমন লটকায়ে আছি। নিজের জমি-জিরাত নাই। বাড়িডা ভাইঙ্গা কোথায় উঠাব। এই বাড়িতে শুয়ে রাত হলেই ভয় লাগে। দুই চোখের পাতা এক করতে পারি না। এই বুঝি বাড়িটা নেমে গেল।’ লুৎফর রহমান (৫৫) বলেন, ‘আল্লাহ যদি হাত চারেক পানি কমাইয়া দেয়, তাহলে এই গ্রাম বাঁচতে পারে। না হইলে যেভাবে ভাঙছে, বাড়িঘর আর টানার সময় পাওয়া যাবে না।’ তিনি বলেন, দাঁড়িয়ে থাকতে থাকতেই চোখের সামনে ২০ হাত জায়গা ভেঙে গেল। গ্রামের ভূমিহীন কৃষক রবিউল ইসলাম বলেন, এবার তাঁদের না খেয়ে থাকতে হবে। জমি বর্গা নিয়ে যে ফসলাদি করেছিলেন, তার সবই নদীতে চলে গেছে। তিনি বলেন, গত মঙ্গলবার তাঁদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এখন এই তাঁদের সম্বল। গ্রামের মৃত মুনসুর রহমানের স্ত্রী আহলাদি তাঁর নাবালক সন্তানদের নিয়ে কোনো রকমে ঘরের চালা খুলে এক জায়গায় কাত করে রেখেছেন। আহলাদি বলেন, গত বছর সাপের কামড়ে তাঁর স্বামী মারা গেছেন। তাঁর ঘর ওঠানোর মতো নিজের কোনো জমি নেই। এই চালার নিচেই এখন রাত কাটাচ্ছেন। এখান থেকে কোথায় যাবেন কিছুই ঠিক করতে পারছেন না। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া মঈন গতকাল প্রথম আলোকে জানান, গত ২২ সেপ্টেম্বর তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। আর দুই হাজার করে টাকা দেওয়ার বিষয়টি অনুমোদন হয়ে আছে। এর বাইরে এক বান্ডিল করে ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।