গোদাগাড়ীতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই স্থানে বিএনপি ও যুবদল পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের গোগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কায় আজ শনিবার সকাল ১০ টার দিকে ওই স্থানে ১৪৪ ধারা জারির আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহিনুর আলম। এ আদেশ রাত ১০টা পর্যন্ত বলবত্ থাকবে।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, স্থানীয় যুবদল নেতা টুটুল আহমেদ স্মরণে ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক রবিউল ইসলাম গোগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণসভার আয়োজন করেন। এতে বিএনপি নেতা গোলাম মোর্তুজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। অন্যদিকে গোগ্রাম ইউনিয়ন বিএনপিও একই স্থানে পাল্টা স্মরণসভার আয়োজন করে। এতে জোট সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে উল্লেখ করা হয়। ওসি আরও বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন আজ ওই স্থানে ১৪৪ ধারা জারি করে। সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।