গোদাগাড়ীর গ্রীষ্মকালীন টমেটো
এখন টমেটোর সময় নয়। কিন্তু গোদাগাড়ীর আতাউর রহমানের একেকটি গাছে ৪০ থেকে ৬০টি পর্যন্ত টমেটো এসেছে। ফুল আছে আরও অনেক। তাঁর আশা, পবিত্র রমজানের শুরুতেই তাঁর ১০ কাঠা জমি থেকে প্রায় দুই হাজার কেজি টমেটো আহরণ করতে পারবেন।আতাউর রোপণ করেছেন গ্রীষ্মকালীন জাতের টমেটো।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ‘বারি হাইব্রিড-৪’ নামের এই নতুন জাতটি উদ্ভাবন করছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অবলকপুর, ধামিলা, চৈতন্যপুর, ঈমামগঞ্জ ও রাজবাড়ী এলাকায় পরীক্ষামূলকভাবে গ্রীষ্মকালীন এই টমেটোর চাষ করা হয়েছে। চাষিরা তাতে সফল হয়েছেন। মাঠে গিয়ে দেখা গেছে, ফলনও হয়েছে প্রচুর।গোদাগাড়ীর অবলকপুর গ্রামের আতাউর রহমান জানালেন, তিনি টমেটোর পোকা দমনে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করেননি। রাসায়নিক ছাড়াই গাছের পাকা টমেটো তিনি বাজারে তুলবেন।শীতকালীন টমেটো চাষের জন্য রাজশাহীর গোদাগাড়ীর ব্যাপক সুনাম রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শীত মৌসুমে এখানে আড়াই-তিন শ কোটি টাকার টমেটো বেচাকেনা হয়। সে সময় আগাম বাজার ধরার জন্য কৃষকদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা হয়। এই সুবিধা পেতে কৃষকেরা অপুষ্ট টমেটো পাকানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করে থাকেন। আগাম টমেটোর চাহিদার প্রতি লক্ষ রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এবার গোদাগাড়ীতে পরীক্ষামূলকভাবে নতুন জাতের গ্রীষ্মকালীন টমেটোর চাষ করা হয়েছে। কৃষক আতাউর রহমানের জমিতে গিয়ে দেখা যায়, তাঁর ১০ কাঠা জমিতে ৯৮০টি গাছ রয়েছে। রোপণের পদ্ধতি অনুযায়ী, জমিটি ছয় হাত চওড়া ও ২০ হাত লম্বা ১০টি সারিতে ভাগ করা হয়েছে। প্রতি দুই সারির মাঝখানে যাতায়াতের রাস্তা। ছয় ফুট ওপরে পলিথিন দিয়ে ছাউনি করে দেওয়া হয়েছে। গাছগুলো কাঠি দিয়ে সোজা করে বেঁধে দেওয়া হয়েছে। বৃষ্টি থেকে রক্ষা করা এবং মাটিতে পড়ে যাতে গাছ ও ফল পচে নষ্ট না হয়, সে জন্য এ ব্যবস্থা।মাঠে ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার। তিনি জানান, গ্রীষ্মকালীন টমেটোর জন্য ছাউনির বাড়তি খরচটুকু করতে হয়। তবে শীতের টমেটোর জন্য যে পরিমাণ সেচ দিতে হয়, গ্রীষ্মকালীন টমেটোর জন্য তার প্রয়োজন পড়ে না। গড়ে পুষিয়ে যায়। তিনি জানান, এই খেতে পোকা দমনের জন্য কোনো ধরনের বালাইনাশক ব্যবহার করা হয়নি। এখানে ১০টি সারিতে ১০টি হলুদ বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। নিয়মিত এই বোর্ডে গ্রিজ (আঠালো পদার্থ) মাখিয়ে দেওয়া হয়। পোকা উড়ে এসে বোর্ডে বসে আর উড়তে পারে না। সে জন্য পোকা দমনে আলদা খরচ লাগছে না। তিনি জানান, শুধু ফুলে একটা হরমোন ব্যবহার করা হচ্ছে। এটা ব্যবহার করলে ফলন দ্বিগুণ হয়। বীজতলায় চারার বয়স এক মাস হলে তুলে জমিতে রোপণ করতে হয়। গত ২৩ মে জমিতে চারা রোপণ করা হয়েছে। রোপণ থেকে শুরু করে আট মাস পর্যন্ত এর ফলন পাওয়া যাবে।আতাউর রহমান জানান, তাঁর ১০ কাঠা জমিতে প্রায় ১০-১২ হাজার টাকা খরচ হয়েছে। তিনি শীতকালেও টমেটোর চাষ করেন। তখনো প্রায় এই ধরনের খরচ পড়ে। কিন্তু তখন ব্যাপক উৎপাদন হওয়ায় ভালো দাম পাওয়া যায় না। তিনি আশা করছেন, গ্রীষ্মকালীন টমেটোতে ভালো দাম পাবেন।গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম জানান, দেশে ২০০৫ সালে যশোরের বাঘারপাড়ায় প্রথম এই জাতের টমেটোর চাষ শুরু হয়। এবার তাঁরা গোদাগাড়ীর ছয়জন কৃষককে এই টমেটো চাষের প্রশিক্ষণ দিয়েছেন। তাঁরা গোদাগাড়ীতে এই টমেটোর চাষ করেছেন। ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান এর খেত পরিদর্শন করেছেন। তিনি বলেন, অল্প জমিতে এই টমেটো চাষ করে কৃষকেরা বেশ লাভবান হতে পারবেন। তাঁদের দারিদ্র্য দূরীকরণেও এই ফসল বিশেষ ভূমিকা রাখতে পারে।