গোদের ওপর বিষফোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ এক আত্মীয়কে দেখতে মোটরসাইকেলে চড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন আবদুল্লাহ আল মামুন। মোটরসাইকেলটি রেখে হাসপাতালে ঢুকতেই তিনি মুঠোফোনে খবর পান, তাঁর খালাতো ভাইয়ের স্ত্রী আত্মহত্যা করেছেন। তড়িঘড়ি করে হাসপাতাল থেকে বেরিয়েই দেখলেন, মোটরসাইকেলটি নেই। যেন গোঁদের ওপর বিষফোড়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে আবদুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তি তাঁর এক চাচাতো বোনকে দেখতে হাসপাতালে যান। হাসপাতালের পুলিশ ক্যাম্পের পশ্চিম পাশে মোটরসাইকেলটি রেখে তিনি হাসপাতালে ঢোকেন। কিছুক্ষণ পর ফোনে তাঁর খালাতো ভাইয়ের স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে বেরিয়ে দেখেন, সাইকেলটি নেই। মোটরসাইকেলের খোঁজে বেশ কিছুক্ষণ তিনি পুরো হাসপাতাল এলাকা ছোটাছুটি করেন। একপর্যায়ে ক্লান্ত হয়ে বসে পড়েন এক জায়গায়। তখন উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘একদিকে ভাইয়ের বিপদ, অন্যদিকে আমার বিপদ—কী করব, বুঝতে পারছি না।’মুঠোফোনে যোগাযোগ করা হলে আবদুল্লাহ-আল-মামুন প্রথম আলোকে বলেন, তিনি ফার্মগেট এলাকায় থাকেন। মহাখালীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। খালাতো ভাই আকরাম হোসাইন ও তাঁর স্ত্রী ডলি আক্তার (২৮) পল্লবীর এক্সটেনশন রোড এলাকায় থাকেন। সন্ধ্যার দিকে ডলি আক্তার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তিনি শুনেছেন। মোটরসাইকেল চুরির ব্যাপারে শাহবাগ থানায় মামলা করে তিনি পল্লবীতে যাবেন বলে জানান।এদিকে যোগাযোগ করা হলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) তুহিন এক্সটেনশন রোড এলাকায় এক গৃহবধূর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তাত্ক্ষণিকভাবে তাঁর নাম জানাতে পারেননি।