গোদের ওপর বিষফোড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই রাস্তাটা কয়েক মাস ধরে এ অবস্থায় আছে। রাস্তা খুঁড়ে পানিনিষ্কাশনের নল বসানো হয়েছে। কিন্তু রাস্তার খোঁড়া অংশ আর পাকা করা হচ্ছে না।’ মিরপুর ১ নম্বর সেকশনের মাজার রোডে যানজটে পড়ে বলছিলেন গোলারটেকের বাসিন্দা আবদুল হামিদ।মিরপুর ১ নম্বর সেকশনের মাজার রোডের ওপর সবজির বাজার বসায় এমনিতেই যাত্রী আর পথচারীদের দুর্ভোগের শেষ নেই। মাস ছয়েক হলো সেই রাস্তায় যোগ হয়েছে নতুন ঝক্কি। রাস্তা খোঁড়াখুঁড়ির পর তা আর পাকা করা হচ্ছে না। ফলে ভাঙা রাস্তায় যানজট, ঝাঁকুনি আর ধুলোবালির তোপে পড়তে হচ্ছে যাত্রী-পথচারীদের।মিরপুর সনি হলের মোড় থেকে মাজার হয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশ পর্যন্ত মাজার রোডের একটি লেন খুঁড়ে মোটা মোটা নল বসানো হয়েছে। সেই কাজ চার-পাঁচ মাস আগে শেষ হলেও খোঁড়া রাস্তার অংশ পাকা করা হচ্ছে কচ্ছপগতিতে। এখন পর্যন্ত খোঁড়া অংশের কোথাও কোথাও বালু ভর্তি করা হয়েছে, কোথাও আবার বালুর ওপর দেওয়া হয়েছে ইটের খোয়া। তাই সড়কের একটি লেন অকেজো হয়ে পড়ায় মাজার রোডের অপর লেনে দুই দিকের যানবাহনই চলছে। ফলে বাড়ছে যানজট। আবার রাস্তার খোঁড়া অংশ দিয়ে বাসের মতো যান চলাচলের সময় পুরো সড়ক ধুলোয় সয়লাব হয়ে যাচ্ছে। তখন অনেকেই রুমাল বা হাত দিয়ে নাকমুখ ঢেকে চলাচল করে। আবার ধুলোবালিতে ভরে যাচ্ছে আশপাশের বিপণিবিতানের দোকানপাট। তবে ভাঙা রাস্তায় এখন মাজার রোডের সবজির ব্যবসায়ীরা আরও জেঁকে বসেছেন। ভোরে তাঁরা পাইকারি বেচাবিক্রির সময় দখলে রাখছেন সড়কের বেশির ভাগ জায়গা। আর দিনের বেলায়ও সড়কের অনেক জায়গায় ফেলছেন সবজির উচ্ছিষ্ট।সরেজমিনে দেখা গেছে, মাজার রোডের মাজার কো-অপারেটিভ মার্কেট ও শাহ আলী শপিং কমপ্লেক্সের পাশের লেনে এখনো রয়েছে গর্ত, ভাঙা ইটের টুকরো, মাটি ও ময়লার ভাগাড়। এসব ঝঞ্ঝাট এড়াতে মিরপুর ১ নম্বর মোড় থেকে মাজারের দিকে যাওয়া যানবাহনগুলো বিপরীত পাশের লেনে ঢুকে পড়ে। একটি লেনে দুই দিকের যান ঢুকে পড়ায় বেড়ে যায় যানজট। সকালে ও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট ভয়াবহ আকার ধারণ করে। ফলে শিক্ষার্থী-চাকরিজীবীদের প্রচুর সময় নষ্ট হচ্ছে এখানে।এদিকে পুরো মাজার রোডের ওপর প্রতিদিন ভোর থেকে সকাল আটটা-নয়টা পর্যন্ত পাইকারি কাঁচাবাজার বসে। আবার সারা দিনই সড়কটির শাহ আলী কলেজ মার্কেটের পাশের লেনের বেশির ভাগ জায়গা দখল করে রাখেন সবজির ব্যবসায়ীরা। এভাবে বছরের পর বছর ধরে চলছে এই সবজির বাজার। এমনকি সবজি ব্যবসায়ীরা কলেজ মার্কেটের পাশ দিয়ে মাজার রোড থেকে উত্তর বিশিলের দিকে যাওয়া একটি চওড়া রাস্তার পুরোটাই দখল করে রেখেছেন। এ রাস্তার মুখ বন্ধ থাকায় মাজার রোড থেকে উত্তর বিশিলে যাওয়া অন্যান্য সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। একদিকে বেহাত রাস্তা উদ্ধার করা হচ্ছে না, আরেক দিকে ভালো রাস্তা কেটে অকেজো করা হয়েছে। তাতে নাস্তানাবুদ হচ্ছেন পথচারী আর যানবাহনের যাত্রীরা। এর মধ্যে বেশি ভুগতে হচ্ছে হজরত শাহ আলী মহিলা ডিগ্রি কলেজে আসা ছাত্রীদের। মাজার রোডের কাটা অংশ যাতে দ্রুত পাকা করা হয়, কর্তৃপক্ষের প্রতি এমন দাবি জানালেন তাঁরা।মাজার রোড ও কলেজ মার্কেটের সামনে দিয়ে উত্তর বিশিল যাওয়া সড়ক দুটোর অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ডিসিসির অঞ্চল-৮-এর নির্বাহী কর্মকর্তা উমর চান বণিক। তিনি বলেন, ‘সড়ক দুটির অবৈধ দখল আছে কি না, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ সড়কের খোঁড়া অংশ পিচ ঢালাই করা হবে কবে?—জানতে চাইলে তিনি বলেন, খোঁড়া লেনটি পড়েছে অঞ্চল-৭-এর আওতায়। এ বিষয়ে ৭ অক্টোবর যোগাযোগ করা হলে অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, ‘খোঁড়া অংশে ইটের খোয়া ফেলা হয়েছে। পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে আগামী সপ্তাহে।’