গোপন অবস্থান থেকে দলীয় কর্মকাণ্ড চালাবে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত গোপন অবস্থান থেকেই দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবে জামায়াতে ইসলামী।এ ছাড়া গুরুত্বপূর্ণ বাকি নেতাদের গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় দলটির ছায়া নেতৃত্ব তৈরি করে রাখা হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানায়।পুলিশের সঙ্গে সংঘর্ষের পর থেকে জামায়াতের ওপর যে ধকল যাচ্ছে, তা স্বাভাবিক না হওয়া পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ জামায়াতের ৩৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে দলটির কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়ের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে আত্মগোপন করেছেন দলটির বাকি নেতারা।দলটির বিশ্বস্ত একটি সূত্র জানায়, পুলিশের মামলায় আসামি করা হয়েছে, এমন সব নেতাই নিজেদের মুঠোফোন বন্ধ করে রেখেছেন। তবে আত্মগোপনে থেকেই নেতারা দলের নানা বিষয়ে কর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন। একই সঙ্গে ২৭ সেপ্টেম্বর ঢাকায় চার দলের সমাবেশ সফল করার প্রস্তুতি নিচ্ছেন।সূত্রটি জানায়, আত্মগোপনে থাকা নেতারা আরও কিছুদিন আইনি সহায়ক পরিবেশের জন্য অপেক্ষায় থাকবেন। আগাম জামিন না পেলে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।জামায়াতের ঢাকা মহানগর কমিটির প্রচার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রশাসন চরম প্রতিক্রিয়াশীল আচরণ দেখিয়ে অস্থির অবস্থা তৈরি করে রেখেছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সময় নিচ্ছি।’ছায়া নেতৃত্ব প্রস্তুত: জামায়াত সূত্র জানায়, দলটির আশঙ্কা, তাদের বাকি কেন্দ্রীয় ও মহানগরের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করা হতে পারে। তাই দলের জন্য ছায়া নেতৃত্ব তৈরি করে রাখা হয়েছে।সূত্র জানায়, আত্মগোপনে থেকে জামায়াতের নেতারা দলীয় বিষয়ে গোপনে বৈঠক করছেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার একজন নেতা তা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘নেতাদের বসাও হচ্ছে, কথাও হচ্ছে এবং স্বাভাবিক নিয়মেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে অস্বাভাবিক পরিস্থিতিতে আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে না, এটুকুই।’সোমবার এ টি এম আজহার গ্রেপ্তার হওয়ার পর সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়। দলটির আমির মতিউর রহমান নিজামীসহ পাঁচজন শীর্ষস্থানীয় নেতা একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন গত বছর।দলের একটি সূত্র জানায়, আরেক দফায় জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হলে দলটির নেতৃত্বে সংকট তৈরি হতে পারে। এরপর যাঁরা দায়িত্বে আসবেন বলে মনে করা হচ্ছে, তাঁদের রাজনৈতিক চিন্তা নতুন সংকটের সৃষ্টি করতে পারে বলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন।