গোপন কথাটি রবে না আর গোপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই ১৩ বছরের কণার (ছদ্মনাম) জীবনে ঘটে গেল দুর্ঘটনাটি। কাছের এক আত্মীয়ের কাছে ধর্ষণের শিকার হয় সে। ভয়ে, লজ্জায় সবার কাছে গোপন করে গেল। তিন মাস পর বুঝতে পারল, সে গর্ভধারণ করেছে। তখন থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে কণা। এদিকে পরিবারের সবাই ভাবতে থাকে, নিশ্চয় সাময়িক কিছু হয়েছে। পরে হয়তো ঠিক হয়ে যাবে। পাড়া-প্রতিবেশী ও পরিবারের কেউ কেউ মনে করে, কণাকে ভূতে ধরেছে। ফলাফলে দিনের পর দিন কবিরাজ এসে ঝাড়ফুঁক করছেন, কিন্তু ভূত তাড়াতে পারছেন না। এদিকে কণা রাতের পর রাত নির্ঘুম কাটায়; চোখ বন্ধ করলেই ভেসে ওঠে ভয়াবহ সেই মুহূর্তের কথা। শরীরেও পরিবর্তন আসতে থাকে। কণা ভাবে, এবার আর গোপন রাখা যাবে না। সবাইকে বলতে হবে। আবার ভয়ে সিঁটিয়ে যায়। আত্মহত্যা করলে তো সব সমস্যা থেকে মুক্তি।অবশেষে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সে তার মাকে সবকিছু খুলে বলে। মা সব শুনে হতবাক! কীভাবে তিনি মেয়েকে নিয়ে সমাজে থাকবেন। বিষয়টি ফাঁস হয়ে গেলে তো সবাই ঘৃণা করবে; মেয়েকে তো বিয়ে দেওয়া যাবে না। এ চিন্তায় মায়ের ঘুম হারাম। অনেক ভেবেচিন্তে তিনি মনস্থির করলেন, মেয়েকে নিয়ে গোপনে সদর হাসপাতালে গর্ভপাত করাবেন। গাইনি বিভাগের চিকিৎসক সব পরীক্ষা-নিরীক্ষা করার পর জানান, কণা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এই মুহূর্তে গর্ভপাত করলে মেয়ে নির্ঘাত মারা যাবে। তাকে বাঁচাতে হলে প্রসব পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিরুপায় হয়ে কণার মা পরিবারের সবাইকে বিষয়টি জানান। পারিবারিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কণাকে কয়েক মাসের জন্য তার খালার বাড়িতে রাখা হবে। সন্তান জন্ম নেওয়ার পর নবজাতককে এতিমখানায় রেখে আসবে। নির্ধারিত সময় সন্তান প্রসবের পর এতিমখানার গেটে বাচ্চা রেখে আসা হয়।আবার নতুন করে লেখাপড়া শুরু করে কণা। কিন্তু অতীতকে সে কিছুতেই ভুলতে পারে না; ফিরতে পারে না স্বাভাবিক জীবনে। এ সমস্যা সমাধানের জন্য স্কুলশিক্ষকের পরামর্শে কণাকে তার মা একজন মনোরোগ চিকিৎসকের কাছে নিয়ে যান। তিনি জানান, মানসিক আঘাত থেকে ট্রমার শিকার হয়েছে সে। বন্ধুর মতো করে ধীরে ধীরে কণাকে এ পরিস্থিতি থেকে বের করে আনতে হবে।ট্রমা হলো আঘাতজনিত বা দুঃখজনক অভিজ্ঞতার কারণে সৃষ্ট মানসিক রোগ। ট্রমার শিকার হলে যেসব উপসর্গ দেখা যায়, সেসব কণার মধ্যে উপস্থিত। ধর্ষণের শিকার হওয়ার পর সে নিজেকে বাঁচানোর জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করছিল, সেগুলো হলো: (ক) অস্বীকার বা প্রত্যাখ্যান (খ) অবদমন বা দমিয়ে রাখা (গ) নিজেকে বিচ্ছিন্ন করা। যারা ট্রমার শিকার হয়, তারা নিজে নিজে কখনোই সু্স্থ হতে পারে না। যতই সে নিজের নির্মম ঘটনা ভুলতে চাইবে, ততই অসুস্থ হবে। স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ট্রমার শিকার মানুষদের জন্য যা করা জরুরি:১. ট্রমার শিকার ব্যক্তিটি নিরাপত্তাহীনতায় যেন না ভোগে। তাকে শারীরিক সুস্থতা ও পারিবারিক নিরাপত্তা দান করতে হবে। ভালো ঘুমের জন্য বিভিন্ন পদ্ধতি শেখানো যেতে পারে। যেখানে থাকবে, সেই পরিবেশ যেন ভালো ও নিরাপদ হয়, তা নিশ্চিত করতে হবে।২. ট্রমার শিকার ব্যক্তির কাছ থেকে তার মনের গোপন কথাগুলো শুনতে হবে, যাতে তার আসল কষ্ট কোথায়, সেটি বুঝে মনোরোগ চিকিৎসক সাহায্য করতে পারেন।৩. মনোরোগ চিকিৎসককে চেষ্টা করতে হবে যেন ট্রমার শিকার ব্যক্তি পুনরায় পরিবার ও সমাজের ব্যক্তিদের বিশ্বাস করতে পারে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।আপনজনের মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ—ঘূর্ণিঝড় ও সুনামি, যুদ্ধ, পারিবারিক দ্বন্দ্ব-কলহ, অ্যাসিডদগ্ধ কিংবা ধর্ষণের শিকার হয়ে বিভিন্ন কারণে একজন ব্যক্তি ট্রমার শিকার হতে পারে। আমরা যখন বুঝতে পারব কেউ ট্রমার শিকার, তখন তাকে অবশ্যই মনোরোগ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। তাকে সাহায্য করতে হবে। তাঁর ভেতরের গোপন কষ্টকে বের করে আনতে হবে।সহায়ক গ্রন্থ: ট্রমা অ্যান্ড রিকভারি (১৯৯২), জুডিথ লিউইস হেরম্যান, এমডি। লিপি গ্লোরিয়া রোজারিওকাউন্সিলর