গোপন দাতাদের অর্থে চলছে রাজনৈতিক দল
ভারতে অনুদান ও স্বেচ্ছাসেবীদের দেওয়া অর্থ রাজনৈতিক দলগুলোর আয়ের প্রধান উত্স। এসব সহায়তার বেশির ভাগ আসছে নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে। ওই দেশের রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় কর্মরত বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গবেষণা প্রতিবেদন অনুযায়ী, গত সাত বছরে (২০০৪-০৫ থেকে ২০১০-১১ অর্থবছর) পাঁচটি রাজনৈতিক দল সবচেয়ে বেশি অর্থ আয় করেছে। দলগুলো হলো: কংগ্রেস (২০০৮ কোটি রুপি), বিজেপি (৯৯৪ কোটি রুপি), বহুজন সমাজ পার্টি (৪৮৪ কোটি রুপি), সিপিএম (৪১৭ কোটি রুপি) ও সমাজবাদী পার্টি (২৭৯ কোটি রুপি)। এসব দল অনুদান পাওয়া ৮০ থেকে ৯০ ভাগ আয়ই নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে পেয়েছে। এডিআরের গবেষণায় দেখানো হয়েছে, আইন লঙ্ঘন করে এসব অর্থ আয় করেছে রাজনৈতিক দলগুলো। এডিআর এ ক্ষেত্রে জনসাধারণের প্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর কথা উল্লেখ করেছে। ওই আইনের ২৯(গ) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল কারও কাছ থেকে ২০ হাজার রুপির বেশি অর্থ নিলে দাতার নাম উল্লেখ করতে বাধ্য থাকবে। অথচ এডিআরের গবেষণায় দেখা গেছে, রাজনৈতিক দলগুলোর মোট আয়ের খুব কম পরিমাণ অর্থই এসেছে নাম প্রকাশে অনিচ্ছুক দাতাদের কাছ থেকে। প্রধান দলগুলোর কয়েক বছরের আয়ের হিসাব থেকে এমন তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরে বিজেপির নাম প্রকাশে অনিচ্ছুক দাতার সংখ্যা ২২ দশমিক ৭৬ ভাগ। কংগ্রেসের ১১ দশমিক ৮৯ ভাগ, জাতীয় কংগ্রেস পার্টির (এনসিপি) ৪ দশমিক ৬৪ ভাগ ও সিপিএমের ১ দশমিক ২৯ ভাগ দাতা নাম প্রকাশ করেছেন।২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরে কোনো ব্যক্তির কাছ থেকে ২০ হাজার রুপির বেশি অর্থসাহায্য নেয়নি বলে জানিয়েছে বিএসপি। অথচ সাকল্যে দুই বছরে দলটি আয় করেছে ১৭২ দশমিক ৬৭ কোটি রুপি। যেহেতু ২০ হাজার রুপির কম অর্থ নিলে দাতার নাম প্রকাশ করতে হয় না, এ জন্য দলটির বিপুল পরিমাণ অর্থের জোগান পুরোটাই দিয়েছে অজ্ঞাতপরিচয় দাতারা। এদিকে সিপিএম দেখিয়েছে, তাদের মোট আয়ের ৫৭ দশমিক শূন্য ২ ভাগ এসেছে ২০ হাজার রুপির বেশি অর্থ দানকারী ব্যক্তিদের কাছ থেকে।এডিআরের গবেষণাটি করা হয়েছে ভারতের নির্বাচন কমিশন ও আয়কর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে। তথ্য অধিকার আইন অনুযায়ী ছয়টি জাতীয় দল ও ৩৬টি আঞ্চলিক দলের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি তাদের প্রতিবেদন তৈরি করেছে।