গোপন বিচার চ্যালেঞ্জ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষাৎকার ১৯৭৬ সালে সামরিক আদালত কর্নেল আবু তাহেরকে ফাঁসি দিয়েছিলেন। এর বিরুদ্ধে সম্প্রতি হাইকোর্টে রিট হয়েছে। এ পরিপ্রেক্ষিতে প্রথম আলোর পক্ষ থেকে মামলার আইনজীবী শাহ্দীন মালিকের সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসানপ্রথম আলো: ৩৪ বছর পর কর্নেল তাহেরের বিচারের বৈধতা নিয়ে রিট করলেন কেন? এর পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে?শাহ্দীন মালিক: এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। বরং অতীতের ভুলের সংশোধন এবং অন্যায় বিচারের প্রতিকারের লক্ষ্যেই এ মামলা করা হয়েছে। জিয়াউর রহমানের শাসনামলে সামরিক আইনে অনেক মামলার বিচার হয়েছে। সবগুলোর ধরন এক নয়, আবার সব মামলার বিচার সামরিক আইনে হলেও গোপনে হয়নি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল। কিন্তু কর্নেল তাহেরের বিচারে গুরুতর ব্যত্যয় ঘটানো হয়েছে। এটি ছিল গোপন বিচার এবং অসম্ভব দ্রুততায় শেষ করা হয়েছে। ১৪ জুন ১৯৭৬ আইনবিধি জারির সঙ্গে সঙ্গে পাঁচ সদস্যের বিশেষ সামরিক আদালত গঠন করা হয়। দুই দিন পর ১১ পলাতক আসামিকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ১৮ জুন বিচারকাজ শুরু হয়। পুরো বিচার-প্রক্রিয়াটি তিন সপ্তাহে শেষ করা হয়।আসামি ছিলেন ৩৩-৩৪ জন। আইনগত দিক বাদ দিলেও পুরো প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ। এভাবে কোনো বিচার হতে পারে না। তাই বলব, আইনের শাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। পঞ্চম সংশোধনী উচ্চ আদালতে বাতিল হওয়ায় মামলা করার ক্ষেত্র প্রশস্ত হয়েছে।সুপ্রিম কোর্টের রায়ের ফলে সামরিক বিধানগুলো আর সংবিধানের অংশ নেই। সাধারণ আইন হয়ে গেছে। আমরা গোপন বিচারকে চ্যালেঞ্জ করেছি।যে দণ্ডবিধিবলে এই বিচার করা হয়েছে, তাঁর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। কিন্তু কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি তো মধ্যযুগীয় বিচার। মধ্যযুগে রাজা-বাদশাহরা যেভাবে চাইতেন, সেভাবেই আসামির দণ্ড হতো।প্রথম আলো: আপনারা বলেছেন, বিচারটি ছিল অন্যায় ও অবৈধ। এর সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের কি বিচারের সম্মুখীন করা যাবে?শাহ্দীন মালিক: সংশ্লিষ্টদের বিচারের সম্মুখীন করা কঠিন হবে। আইন খুবই জটিল জায়গা। খুব চিন্তাভাবনা করে এগোতে হবে। রায় তো ভুল প্রমাণিত হতে পারে। যেমন নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে নাকচ হয়ে যায়। এ জন্য তো নিম্ন আদালতের বিচারক দণ্ডিত হতে পারেন না। তাঁরা বলবেন, যে আইনে বিচার করা হয়েছে, তার যৌক্তিকতা দেখা তাদের দায়িত্ব নয়। যে মামলায় তাহেরের ফাঁসি হয়েছিল, সে মামলার আপিলের সুযোগ ছিল না। দণ্ডবিধি ১২১-এর ধারায় তাহেরের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়েছিল। এর শাস্তি ছিল যাবজ্জীবন। কিন্তু আইন লঙ্ঘন করে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালত নথিপত্র চেয়ে পাঠিয়েছেন। সেগুলো পেলে বোঝা যাবে, আসলে কোথায় কী ফাঁক আছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যা সে সময়ে বাংলাদেশ অবজারভার-এ ছাপা হয়েছিল। ১২১ ধারায় অভিযোগে যদি বিচারক তাঁকে মৃত্যুদণ্ড দেন, তাহলে সেটি হবে বড় অন্যায়। আমরা সেই অন্যায়েরই প্রতিকার চাইছি।প্রথম আলো: এ মামলা থেকে রাষ্ট্রপক্ষের কাছে কী প্রত্যাশা?শাহ্দীন মালিক: এই মামলার বিচার যে সঠিকভাবে হয়েছে, তা পাগলেও বিশ্বাস করে না। রাষ্ট্রপক্ষের দায়িত্ব হবে কাগজপত্র দাখিল করা। সে সময়ের খ্যাতিমান অনেক আইনজীবী তাহেরের পক্ষে লড়েছিলেন। আতাউর রহমান খান ছিলেন, সিরাজুল হক ছিলেন, আমিনুল হক ছিলেন। কিন্তু তাঁদেরও তো গোপনীয়তার শপথ নিতে হয়েছে। ফলে কেউ মামলা সম্পর্কে কিছু বলেননি। প্রথম আলো: এখন কি বলতে পারবেন, কবে নাগাদ বিচার শেষ হবে?শাহ্দীন মালিক: যে আইন বলে বিচার হয়েছে সেই আইনটি যদি আদালত অবৈধ ঘোষণা করে তাহলে আর কোনো বাধা নেই। আমরা আশা করছি ২০১০ সালের মধ্যে মামলার বিচার প্রক্রিয়া শেষ হবে। এখানে জটিল আইনগত প্রশ্ন নেই। প্রথম আলো: জিয়া ও এরশাদের সামরিক আইনে আরও অনেক বিচার হয়েছে। এ রকম গোপন বিচারের উদাহরণও আছে?শাহ্দীন মালিক: বেসামরিক ব্যক্তিদের মধ্যে কেবল তাহেরের গোপন বিচার হয়েছে। এ ছাড়া ১৯৭৬-৭৯ সালের মধ্যে কোর্ট মার্শালে এক হাজার ১০০ লোককে ফাঁসি দেওয়া হয়েছে। এ সম্পর্কেও দেশবাসী কিছু জানে না। সে সব মামলারও পুনর্বিবেচনা হওয়া প্রয়োজন। কোর্ট মার্শাল হয়তো পঞ্চম সংশোধনীর আওতায় পড়বে না। তবে সেনাবাহিনীর উচিত হবে এগুলো পর্যালোচনা করা। আগে যাই-ই হোক না কেন, প্রথম যখন উঠেছে তখন বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা আনা জরুরি।আরেকটি কথা, পৃথিবীতে অনেক দেশেই মৃত্যুদণ্ড উঠে গেছে। প্রতিবেশী ভারতসহ যেসব দেশে এ আইন আছে, সেসব দেশেও এর প্রয়োগ কম। আমাদের দেশেও ১৯৮৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা বেশি ছিল না। গত কয়েক বছরে বেড়ে গেছে।প্রথম আলো: তাহেরের ফাঁসির ঘটনাটির রাজনৈতিক তাৎপর্য কী?শাহ্দীন মালিক: বিচারের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা কাম্য নয়। অতীতে আমাদের দেশেও হয়েছে অন্যান্য দেশেও হয়েছে। তা থেকে বেরিয়ে আসতে হবে। অন্যায় বিচার থেকে বেরিয়ে আসাই এ মামলার লক্ষ্য। আইনি ব্যবস্থার ভুল স্বীকার করে আমাদের পদক্ষেপ নিতে হবে। এই মামলায় আদালত যে রায়ই দিক না কেন কর্নেল তাহেরকে ফিরিয়ে আনা যাবে না। এর মাধ্যমে আমরা যে শিক্ষা পেতে পারি তা হলো একজন নাগরিককে গোপন বিচারের নামে এভাবে হত্যা করা যায় না। বিচারের দায় মুক্তি ১৯৭৫ সালে যেমন হয়েছে তেমনি ২০০৩ সালেও হয়েছে। ১৯৭৫ সালের সেই দায়মুক্তি থেকে বেরিয়ে এসে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। অপরাধীদের শাস্তি হয়েছে। ২০০৩ সালে অপরেশন ক্লিন হার্টের সঙ্গে জড়িতদেরও দায়মুক্তি দেওয়া হয়েছে। এই দায়মুক্তিরও অবসান হওয়া প্রয়োজন। কেউ আইন করে বললেন, এই অপরাধের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এটা হতে হতে পারে না। সেদিক থেকে আমরা খুব বেশি এগোইনি। প্রথম আলো: কর্নেল তাহেরকে প্রহসনমূলক বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে। এখন দেশদ্রোহিতার অভিযোগ থেকে মুক্তি দিয়ে লাভ কী?শাহ্দীন মালিক: এতে দুটি লাভ। একটি হলো ক্ষমতায় থেকে অনেকেই ভাবেন যা খুশি করে যেতে পারবেন। এ জন্য কোনো জবাবদিহিতা করতে হবে না। আইন করে বলা হলেও বিচার করা হবে না। কর্নেল তাহেরের ক্ষেত্রেও যদি একই রায় হয় তাহলে যেটি শিক্ষণীয় হবে যাঁরা ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে আসবেন তাঁরাও সমঝে চলবেন। যা খুশি করতে পারবেন না। ইতিহাস কাউকে ক্ষমা করবে না। দ্বিতীয়ত, তাহেরের স্বজনরা এই ভেবে স্বস্তি পাবেন যে তিনি কোনো অন্যায় করেননি। এ প্রসঙ্গে একটি ব্যক্তিগত ঘটনার কথা বলতে পারি, যেটি এই মামলা করতে প্রণোদনা জুগিয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র ছিল সানজিব হোসেন, অধ্যাপক আনোয়ার হোসেনের ছেলে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি আইন পড়তে চাইছ কেন? সে বলেছিল, চাচার (আবু তাহের) হত্যার বিরুদ্ধে মামলা করব। পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় সেই মামলা বাস্তবে মুখ দেখেছে। সত্যের জয় হবেই।