গোপন ভিডিও নিয়ে বেকায়দায় রমনি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনির এক গোপন ভিডিও ফাঁস হওয়ায় বেকায়দায় পড়ে গেছেন তিনি। এতে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থকদের কঠোর সমালোচনা করেছেন রমনি। এ ঘটনা এখন রমনিকেই সমালোচনার মধ্যে ফেলেছে। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।চলতি বছরের শুরুর দিকে দাতাদের সঙ্গে এক ব্যক্তিগত অনুষ্ঠানে মিট রমনি বলেন, ‘প্রায় অর্ধেক মার্কিন নাগরিক কোনো আয়কর দেন না এবং তাঁরা সরকারের ওপর নির্ভরশীল। এই ভোটাররাই ওবামাকে সমর্থন দেবেন। তাঁরা বিশ্বাস করেন, তাঁদের স্বাস্থ্যসেবা, খাদ্য, আবাসনের ব্যবস্থা সবই করবে সরকার।’মিট রমনির এই বিতর্কিত মন্তব্যের একটি গোপন ভিডিও গতকাল সোমবার ‘মাদার জোনস’ নামের একটি সাময়িকী ইন্টারনেটে প্রকাশ করে।সাময়িকীটির দাবি, তারা এ ভিডিওটি পেয়েছে এবং এর বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা হয়েছে। তবে কে, কোথায় এবং কবে ভিডিও চিত্রটি ধারণ করেছেন, এ ব্যাপারে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে সাময়িকীর কর্তৃপক্ষ।ভিডিও চিত্রটি প্রকাশ হওয়ার পর ডেমোক্র্যাটদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন রমনি। ডেমোক্র্যাট শিবিরের সমালোচকেরা বলছেন, এ মন্তব্য আমেরিকার অর্ধেক জনগোষ্ঠীর প্রতি অবজ্ঞার শামিল। যে ব্যক্তি আমেরিকার অর্ধেক জনগোষ্ঠীকে নিয়ে এমন মন্তব্য করেন, তিনি কীভাবে প্রেসিডেন্ট হিসেবে পুরো দেশ চালাবেন?এদিকে গোপন ভিডিও প্রকাশের পর গতকাল মিট রমনি এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, তাঁর ওই মন্তব্য রুচিশীল ছিল না। তবে তিনি তাঁর ওই অবস্থান থেকে সরে আসবেন না।রমনি তাঁর মন্তব্যের সমর্থনে যুক্তি দিয়ে বলেছেন, ‘আপনারা কি সরকারকেন্দ্রিক সমাজ চান, যেখানে অনেক অনেক সুবিধা পাওয়া যাবে, নাকি স্বাধীন উদ্যোক্তাকেন্দ্রিক সমাজ চান, যেখানে নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন?’রমনি বলেন, একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সব আমেরিকানকে সাহায্য করতে চান তিনি।গতকাল সোমবার প্রকাশিত জরিপ সংস্থা ইপসস ও রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ওবামা তাঁর প্রতিদ্বন্দ্বী রমনির চেয়ে ৫ শতাংশ এগিয়ে রয়েছেন। সর্বশেষ এই জরিপের ফল অনুযায়ী, ওবামার প্রতি ভোটারদের সমর্থন ৪৮ শতাংশ ও রমনির ক্ষেত্রে তা ৪৩ শতাংশ।