গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে উত্তর কোরিয়ার অংশগ্রহণ বাতিল করা হয়েছে। ১৯ বছর আগে আরও একবার উত্তর কোরিয়ার ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছিল। গত বৃহস্পতিবার গভীর রাতে বিচারকদের জরুরি সভায় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) গোপনীয়তার নীতি ভঙ্গ করার অপরাধে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।সভায় উপস্থাপিত তথ্যে বলা হয়, উত্তর কোরিয়ার শিক্ষার্থীদের খাতা থেকে এটি প্রতীয়মান হয়েছে, তাদের ৩ ও ৫ নম্বর সমস্যা (অঙ্ক) সরকারি সমাধানসহ সরবরাহ করা হয়েছে। অথচ উত্তর কোরিয়ার দলনেতা ছাড়া আর কারও পক্ষে তা জানার কথা নয়। সব সদস্য এই সমাধান জানা মানে তিনি তাঁর গোপনীয়তার শপথ ভঙ্গ করে আইএমওর শৃঙ্খলাপরিপন্থী কাজ করেছেন। তথ্যপ্রমাণ উপস্থাপনের পর ৫৮-১ ভোটে উত্তর কোরিয়াকে অযোগ্য (ডিসকোয়ালিফাই) ঘোষণা করা হয়। ২০টি দেশ ভোটদানে বিরত ছিল। উত্তর কোরিয়ার দলনেতা নিজেকে নির্দোষ দাবি করলেও তাঁর অবস্থান প্রমাণ করতে পারেননি।১৯৯১ সালে অনুরূপ অপরাধে উত্তর কোরিয়ার অংশগ্রহণ বাতিল করা হয়েছিল। দেশে ফিরে যাওয়ার পর উত্তর কোরিয়ার দলনেতার কঠিন শাস্তি হয়েছিল।গতকাল শুক্রবার পর্যন্ত শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন চলছিল। বাংলাদেশ দলের সদস্যরা ২ ও ৪ নম্বর সমস্যায় ভালো করেছে। এখন বাকি সমস্যাগুলোর মূল্যায়ন চলছে। আজ শনিবার রাতের মধ্যে সব খাতা দেখা শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে সরকারি ফলাফল হতে হতে ১১ তারিখ রাত হবে।গতকাল শিক্ষার্থীরা ককসেতু শহর পরিদর্শন এবং নিজেদের মধ্যে খেলাধুলা করে সময় কাটিয়েছে।ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ এবার ষষ্ঠবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।