আত্মগোপনে থেকেই আবার রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। আকস্মিক রাজধানীর রাস্তায় নেমে নতুন পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা নিয়েই এই প্রস্তুতি চলছে বলে জানা গেছে।দলীয় সূত্রে জানা গেছে, পুলিশ বাধা দিতে গেলে তা থেকে কীভাবে রাজনৈতিক সুবিধা আদায় করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। এ ক্ষেত্রে দলটি ‘স্বেচ্ছায় কারাবরণ’ কর্মসূচির নামে নতুন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনাকে অগ্রাধিকার দিচ্ছে বলে দলের কেন্দ্রীয় এক নেতা জানান। তাঁর দাবি, তাঁরা অহিংস কর্মসূচির মাধ্যমেই রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করবেন।এ ছাড়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের প্রতিবাদে ঢাকায় একটি ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালনেরও প্রস্তুতি চলছে বলে জানা গেছে।রাজধানীর কাকরাইল এলাকায় গত ১৯ সেপ্টেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্যাপক ধরপাকড়ের মুখে জামায়াতের প্রায় সব নেতাকে আত্মগোপনে থাকতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ‘স্বেচ্ছায় কারাবরণ’ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জামায়াতের দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন।ওই নেতা বলেন, এই কর্মসূচি থেকে পুলিশের মামলায় আসামি হওয়া নেতাদের যদি গ্রেপ্তার করা হয়, তাহলে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কর্মপরিষদের সদস্যদের সমন্বয়ে দলের বিকল্প নেতৃত্ব গড়ে তোলা হবে। এই বিকল্প নেতৃত্ব আপৎকালীন দায়িত্ব পালন করবেন।দলটির সূত্রগুলো আরও জানায়, স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি সফল করতে ঢাকায় ২৫-৩০ হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণে ‘গণ-অবস্থান’ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। ওই কর্মসূচি থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেতাসহ উপস্থিত কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে স্বেচ্ছায় কারাগারে যাওয়ার ইচ্ছা জানাবেন।এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ ধরনের কর্মসূচি নিয়ে চিন্তাভাবনা চলছে বলে স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি এখনো সাজেশনের পর্যায়ে আছে।’দলটির আরেকটি সূত্র জানায়, জামায়াতের ঢাকা মহানগর শাখার কর্মীদের বড় একটি অংশ স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি নিতে নেতাদের চাপ দিচ্ছে। বিশেষ করে, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও প্রচার বিভাগের সম্পাদক তাসনীম আলমকে গ্রেপ্তারের পর ‘শারীরিক নির্যাতন’ ও তাঁদের ডান্ডাবেড়ি পরানোর ঘটনায় কর্মীদের ভেতরে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।জামায়াতের ঢাকা মহানগর কর্মপরিষদের সদস্য শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শীর্ষস্থানীয় নেতারা জেলে, অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুরো দেশটাকেই সরকার কারাগার বানিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা ছাড়াই তৃণমূলের কর্মীরা এ ধরনের কর্মসূচি নিতেও পারেন।’সূত্র জানায়, এ ধরনের অহিংস কর্মসূচি থেকে যদি পুলিশ নেতা-কর্মীদের গ্রেপ্তার করে, তাহলে সাধারণ মানুষের বিশেষ সহানুভূতি পাওয়া যাবে। এর পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি কাড়া সম্ভব হবে বলে আশা করছে জামায়াত।দলটির আমির মতিউর রহমান নিজামীসহ পাঁচ শীর্ষস্থানীয় নেতাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বছর আগেই আটক করা হয়। গত ১৯ সেপ্টেম্বর ঢাকায় এই পাঁচ নেতার বিচারের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে ব্যাপক সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় দলের ভারপ্রাপ্ত আমির, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন স্তরের ৩২০ জন নেতা-কর্মীর নামে দ্রুত বিচার আদালতে মামলা হয়। এসব মামলায় পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর পলাতক ১১ জন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাঁদের মালামাল ক্রোক করার আদেশ দেন আদালত। এ টি এম আজহারুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর দলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানও এই মামলার অভিযুক্ত আসামি। দলীয় সূত্র জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেতাদের গ্রেপ্তার করা হলে জামায়াতের নেতৃত্ব চরম সংকটে পড়তে পারে—এই আশঙ্কায় আত্মগোপনে থাকা কেন্দ্রীয় নেতারা বিকল্প নেতৃত্বের একটি রূপরেখা দাঁড় করিয়ে রাখছেন।জামায়াতের মহানগর নেতা শফিকুল ইসলাম বলেন, যেকোনো পরিস্থিতির জন্য দলের প্রস্তুতি আছে। এটাকে তৃণমূল পর্যায়ের নেতৃত্ব বিকাশের একটা সাময়িক সুযোগ হিসেবে দেখছে সংগঠন।