গোপনে বিএনপিতে যোগ দিলেন মঞ্জুর
চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এম মঞ্জুর আলম সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন। তাঁর এই যোগদানের কথা বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।বিএনপির দলীয় একাধিক সূত্র জানিয়েছে, কৌশলগত কারণে মঞ্জুর আলমের যোগদানের খবর আপাতত গোপন রাখা হয়েছে, যাতে নির্বাচনে তিনি বিএনপির বাইরেও অন্যান্য দলীয় সমর্থক ভোট টানতে পারেন। মঞ্জুরের ঘনিষ্ঠ এক বিএনপির নেতা বলেন, কৌশলগত কারণে তাঁকে বিএনপির প্রার্থী বলা হচ্ছে না। এতে আওয়ামী লীগের যাঁরা তাঁকে পছন্দ করেন সেই ভোটও তিনি পাবেন। ওই নেতা বলেন, ভোটের পর বিএনপিতে যোগদানের বিষয়টি প্রকাশ করা হবে। জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেছেন, মঞ্জুর আলম সম্প্রতি বিএনপির সদস্যপদ পূরণ করেছেন।দলীয় অপর একটি সূত্র জানায়, মঞ্জুর আলম ১৭ মে বিএনপির গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দিনই তিনি বিএনপির সদস্য ফরম পূরণ করেন।এ ব্যাপারে জানতে চাইলে মঞ্জুর আলম গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘ওটা তেমন কিছু না। এখনো আমি বিএনপির সমর্থিত প্রার্থী। বিএনপির প্রার্থী নই। নির্বাচনের পর দলে যোগদানের বিষয়টি চূড়ান্ত হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের ভোট পাওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী।চট্টগ্রাম আওয়ামী লীগের একাধিক নেতা জানান, মঞ্জুর উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তিনি আওয়ামী লীগ থেকে এখনো পদত্যাগ করেননি। আওয়ামী লীগের চট্টগ্রাম নগরের ১০ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি এম এ জাফর প্রথম আলোকে বলেন, মঞ্জুর ১৯৯৪ সালে আওয়ামী লীগের সদস্য হওয়ার জন্য আবেদন করেন। ১৯৯৮ সালে তিনি সদস্যপদ পান। সদস্যপদ থেকে তিনি কখনো পদত্যাগ করেননি। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়া ও পরবর্তী সময়ে স্বতন্ত্র নির্বাচন করার কারণে এখন আর মঞ্জুরকে আওয়ামী লীগের সদস্য বলা যাবে না।