গোপনে হয়ে গেছে স্টিভ জবসের শেষকৃত্য!
মৃত্যুর পরেও নিভৃতচারী হয়ে রইলেন প্রযুক্তির দিকপাল স্টিভ জবস। ওয়ালস্ট্রিট জার্নালের এক খবরে জানা গেছে, খুব গোপনে গতকাল শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।ওয়ালস্ট্রিট জার্নাল এই সংবাদে স্টিভ জবসের পরিবারের সঙ্গে সম্পর্কিত এক ব্যক্তির বরাত দিয়েছে। তবে সেই ব্যক্তি নিজের নাম প্রকাশ করতে চাননি।জানা গেছে, স্টিভ জবসের শেষকৃত্যানুষ্ঠানে পরিবারের সদস্য, কয়েকজন আত্মীয় ও বন্ধু ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। তবে শেষকৃত্য শুক্রবার দিনের ঠিক কোন সময় অনুষ্ঠিত হয়, ওয়ালস্ট্রিট জার্নাল তা জানাতে পারেনি।এদিকে অ্যাপল জানিয়েছে, তাদের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের কোনো আনুষ্ঠানিক শেষকৃত্যের পরিকল্পনা তাদের নেই। তবে প্রতিষ্ঠানটি [email protected]—এই ঠিকানায় ভক্ত ও শুভানুধ্যায়ীদের শোকবার্তা পাঠানোর অনুরোধ জানিয়েছে।গত বৃহস্পতিবার সারা পৃথিবীর প্রযুক্তিপ্রিয় মানুষকে শোকসাগরে ভাসিয়ে মাত্র ৫৬ বছর বয়সে বিদায় নেন অ্যাপল কম্পিউটার, ম্যাকিনটোশ, আই-ম্যাক, আইপড, আইফোন ও আইপ্যাডের জনক স্টিভ জবস। তিনি ২০০৪ সাল থেকে অগ্ন্যাশয় ক্যানসারে ভুগছিলেন।