গোপলার রাবার ড্যাম কৃষকদের কাজে লাগাতে নতুন প্রকল্প হচ্ছে
মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের গোপলা নদীতে নির্মিত রাবার ড্যামের উদ্দেশ্য সফল করতে নতুন প্রকল্প হচ্ছে। প্রকল্পের মধ্যে রয়েছে রাবার ড্যামের উজানে কচুয়ার খালের মুখে একটি রেগুলেটর নির্মাণ ও কচুয়ার খাল খনন। শুকনো মৌসুমে বোরো ফসলে সেচের জন্য রাবার ড্যামটি নির্মাণ করা হয়েছে। কিন্তু সময়মতো পানি না পাওয়ায় রাবার ড্যামের উজান ও ভাটির অংশের কৃষকেরা এ বছর বোরো চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন।রাবার ড্যাম নিয়ে গত ২২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘গোপলা নদীতে রাবার ড্যাম কৃষকদের কাজে আসছে না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পরই রাবার ড্যামকে কৃষকের কাজে লাগাতে নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের গোপলা নদীতে নির্মিত রাবার ড্যামকে কৃষকের কাজে লাগাতে গোপলা নদীর সঙ্গে যুক্ত কচুয়ার খাল খনন এবং রাবার ড্যামের উজানে কচুয়ার খালের মুখে পানি নিয়ন্ত্রণের জন্য রেগুলেটর নির্মাণে প্রকল্প নেওয়া হচ্ছে। এ ছাড়া গোপলা নদীর প্রায় ১০ কিলোমিটার ভাটিতে হবিগঞ্জ এলাকায় রেগুলেটর নির্মাণসহ আরেকটি প্রকল্প নেওয়া হচ্ছে। যাতে গোপলা নদীর রাবার ড্যামের ভাটির অংশের লোকজনও সমানভাবে পানি পেতে পারেন। এরই মধ্যে পিআরএ (পার্টিসিপেটরি রুরাল অ্যাপরাইজল) বা গ্রামীণ জনঅংশগ্রহণ সমীক্ষা শেষ হয়েছে। জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন) পরামর্শক দল এলাকাটি সরেজমিনে দেখে গেছে। স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে প্রকল্প তৈরি করা হচ্ছে। যাতে করে প্রকল্পের উদ্দেশ্য সম্পূর্ণ কাজে লাগে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার বলেন, ‘প্রথম আলোতে গোপলার রাবার ড্যাম কৃষকের কাজে না আসার খবরটি বের হওয়ার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে জাইকার পরামর্শক দল এসে এলাকা ঘুরে গেছেন। পিআরএ হয়েছে। মাঠপর্যায়ে প্রাথমিক কাজ সম্পন্ন করে এলজিইডির প্রধান কার্যালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। এতে রাবার ড্যামের উজান ও ভাটিতে পানির যে সমস্যা হয়েছে, সেটা আর থাকবে না।’ নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পের মধ্যে আছে কচুয়ার খাল খনন ও কচুয়ার খালের মুখে রেগুলেটর নির্মাণ। প্রকল্পে জাইকা অর্থায়ন করবে।