গোপাল বৈরাগীর সঙ্গে কথা হয় বাসাবো মাঠের বৈশাখী মেলায়। তিনি জানান, ছোট-বড় মিলিয়ে শখানেক মেলায় তিনি খাবারের পসরা নিয়ে হাজির থাকেন। সোনারগাঁর লোকশিল্প মেলা, চট্টগ্রামের লালদীঘি ময়দানের মেলা, মুন্সিগঞ্জের মেলা, ঢাকার বিসিকের মেলা, আখাউড়ার খরমপুরের মেলা, মতলবের সোলেমান লেংটার মেলা। বছরের পাঁচ মাসই গোপাল বৈরাগী মেলায় মেলায় কাটান। তিনি জানান, তাঁর খাবারের মধ্যে আছে নাড়ু, দানাদার, পেয়ারা সন্দেশ, বিন্নি ধানের খই, কদমা, নকুল বাতাসা, মুগডালের মুরালি, গজা, নিমকি। তাঁর মুগডালের মুরালি, দানাদার খুব জনপ্রিয়। এগুলো ছেলেবুড়ো সবাই খায়। যেসব মেলা ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত হয়, সেসব মেলায় বসেই তিনি খাবারগুলো তৈরি করেন। গোপাল বৈরাগী তিন পুরুষ ধরে মিষ্টি খাবারগুলো তৈরি করছেন। তাঁদের গ্রামের বাড়ি লাঙ্গলবন্দের মহাত্মা গান্ধী ঘাট। গোপাল বৈরাগীরা তিন ভাই তিন বোন। গোপালের তিন বোনের বিয়ে হয়ে গেছে। তাঁর বাবা গত তিন বছর আগে মারা গেছেন। তাঁর মা সুস্ময়ী মিষ্টির কারিগর। তিন ভাই বিয়ে করেছেন। তাঁরা এখনো একসঙ্গে আছেন। গোপালের বড় ভাই বাড়িতে থাকেন, চাষবাস করেন। গোপাল বলেন, ‘মেলায় আমাদের খাবার ভালো বিক্রি হয়। দেশের মানুষ বেড়ে গেছে, বেচাবিক্রি বেশি হচ্ছে। তবে জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক গুণ। লাড্ডুর কেজি এখন ১৬০ টাকা, দানাদার ১৬০ টাকা, পেয়ারা সন্দেশ ১২০ টাকা কেজি। বিন্নি ধানের খই ২০০ টাকা কেজি। আমার তৈরি খাবার বিদেশে যায়। আমার তৈরি খাবার প্রতি মাসে যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, ইংল্যান্ডে যায়। ঢাকার কিছু দোকানে আমাদের খাবার প্যাকেট করে বিক্রি করে।’ গোপাল বলেন, ‘আমার পরিবারের সারা বছরের খাবারের জন্য কিছু জমিতে ধান করি। একটু তরকারি করি। নিজেদের খাওয়া হয়। এখন ছোট ভাই সুবল বিদেশ যাওয়ার জন্য টাকা-পয়সা জমা দিয়েছে। আমি ঢাকায় একটা দোকান দেওয়ার চেষ্টা করছি। তবে আগে ভাইটা বিদেশ যাক। আমার ছোট ভাইটারে নিয়ে খুব সমস্যায় আছি। ফেনসিডিল খেয়ে সংসারটা ডুবিয়ে দিয়েছে। কিছু দিন ভালো থাকে। তারপর আবার টাকা চুরি করে ফেনসিডিল খেয়ে আসে। বউটারে মারধর করে। তার বাচ্চাটা চিৎকার করে। ঘরে যে কী অশান্তি! তখন দুনিয়াদারি ভালো লাগে না। মেলা মেলায় থাকি, অশান্তি ভুলতে চেষ্টা করি। ও এখন নিজেই বিদেশ যেতে চাইছে। ঈশ্বরকে কত কই, সুবল যদি ভালো হয়ে যায় তোমার গোলাম থাকুম চিরদিন!’