গোপালগঞ্জ কলেজে নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাধারণ সম্পাদক (জিএস) মনোনয়ন প্রত্যাশী কল্লোলসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের পুরোনো শহীদ মিনারের বেদীতে বসে দুই সম্ভাব্য প্রার্থীর মধ্যে সমঝোতা বৈঠকের সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, আগামী ১৭ জুন কলেজের ছাত্র সংসদের নির্বাচন এবং ৯ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তাই এলাকাভিত্তিক প্রার্থীরা নিজেদের মধ্যে সমঝোতা করার চেষ্টা চালাচ্ছেন। আজ পুরোনো শহীদ মিনার চত্বরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জিএস মনোনয়ন প্রত্যাশী কল্লোল ও তন্ময়ের সমর্থকদের মধ্যে সমঝোতা বৈঠক চলাকালে কথাকাটাকাটির একপর্যায়ে তন্ময়ের সমর্থক এমদাদ কল্লোলের ওপর চড়াও হলে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় কল্লোলসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় লাঠি নিয়ে কলেজ ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করে মহড়া দেওয়া শুরু করে। পরে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে দুই পক্ষই কলেজ থেকে পালিয়ে যায়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষ হয়েছে। তবে এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। স্থানীয় শিক্ষার্থীদের কোন্দলের কারণেই এ ঘটনা ঘটেছে।