গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ
টুঙ্গিপাড়ায় বাসচাপায় কলেজছাত্র নিহত হওয়ার ঘটনায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে টুঙ্গিপাড়া হয়ে নাজিরপুর, পিরোজপুর, চিতলমারীগামী সব বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় বাসের মালিকপক্ষ, এলাকাবাসী ও প্রশাসন সমঝোতা-বৈঠকে বসে। বৈঠকে নিহতের পরিবারকে এক লাখ টাকা দেওয়ার দাবি জানানো হলেও পরিবহনের মালিকপক্ষ মাত্র ৩০ হাজার টাকা দিতে চায়। এতে সমঝোতা-বৈঠকটি ভেঙে যায়। ফলে বাসমালিকেরা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া ও নাজিরপুর-গোপালগঞ্জ-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ করে দেন।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক জানান, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পাটগাতী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সমঝোতা-বৈঠক হয়েছিল। কিন্তু ওই বৈঠকে বাসের মালিকপক্ষ ও এলাকাবাসীর মধ্যে সমঝোতা না হওয়ায় বাসমালিকেরা বাস চালানো বন্ধ রাখেন।প্রসঙ্গত, গতকাল সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গিমাডাঙ্গা নতুনবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস শেখ মুজিব ডিগ্রি কলেজের ছাত্র কামাল শেখকে (২০) চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।