গোপালগঞ্জ-টুঙ্গিপাড়ায় তৃতীয় দিনের মতো বাস ধর্মঘট
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে আজ শুক্রবার তৃতীয় দিনের মতো ধর্মঘট চলছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে গত বুধবার বেলা ১১টা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। ওই দিন একটি বাসের চালককে মারধরের প্রতিবাদে শ্রমিক সংগঠনটি এ ধর্মঘটের ডাক দেয়। এদিকে বাস ধর্মঘটের কারণে টুঙ্গিপাড়া উপজেলার সঙ্গে সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সড়ক ব্যবহারকারী নাজিরপুর, পিরোজপুর ও বরগুনার কয়েক শ বাসসহ অন্যান্য যানবাহনকেও ৬০-১০০ কিলোমিটার বেশি পথ ঘুরে ঢাকাসহ অন্যান্য জায়গায় যেতে হচ্ছে। দুর্ভোগে পড়েছে যাত্রীরা।গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু বলেন, গত বুধবার গোপালগঞ্জ থেকে একটি বাস (ঢাকা-জ-৩৬৫৭) টুঙ্গিপাড়া হয়ে বাঁশবাড়িয়া যাচ্ছিল। বেলা ১১টার দিকে বাসটি টুঙ্গিপাড়া উপজেলার বেলতলায় পৌঁছালে ৮-১০ জন বাসযাত্রী পূর্বশত্রুতার জের ধরে বাসের চালাক শিমুল খাঁকে বাস থেকে নিচে নামিয়ে নেয়। সেখানে তারা চালককে মারধর করে ফেলে রেখে চলে যায়। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই বাসচালক। এ খবর ছড়িয়ে পড়লে ওই সড়কে শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেন। লিখিত অভিযোগটি এজাহারভুক্ত করা ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজও বাস ধর্মঘট চলছে।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্মঘট অব্যাহত রয়েছে। কেন মামলা নেননি—এই প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘এই প্রশ্নের জবাব আমি কেমনে দেই?’