গোপালগঞ্জে অজ্ঞাত রোগে ৫০ ছাত্রী অসুস্থ
গোপালগঞ্জের কাশিয়ানীতে আজ শনিবার সকালে অজ্ঞাত রোগে অন্তত ৫০ জন স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ছাত্রীদের মধ্যে গুরুতর অবস্থায় ১৪ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।শিক্ষক ও অভিভাবক সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার ভাদুলিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ে হঠাত্ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। শিক্ষকেরা তাদের মাথায় পানি দেন। একপর্যায়ে বিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।এ সময় শিক্ষকেরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে খবর দিলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের, মো. রফিকুল হায়দারসহ কয়েকজন চিকিত্সক ঘটনাস্থলে আসেন। স্কুলের প্রধান শিক্ষক ভোলানাথ পাণ্ডে জানান, আজ সকালে ক্লাস শুরুর আগে দু-একজন ছাত্রী অসুস্থ হলে তাদের মাথায় পানি দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও তরুণ মণ্ডল জানান, ছাত্রীরা অতিরিক্ত গরমে হিটস্টোক করতে পারে। আবার দুই-একজন অসুস্থ হওয়ার পর অন্যরা মানসিকভাবে অসুস্থ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে প্রায় সবাই পেটব্যথা, গা ও মাথাব্যথা এবং শ্বাসকষ্টের কথা বলছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মো. রফিকুল হায়দার জানান, এটা মাস সাইকোজেনিক ইলনেস হতে পারে। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনা তদন্ত করবে উপজেলা প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের চিকিত্সার উদ্যোগ নেওয়া হয়েছে।