গোপালগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজেল ও ব্যাটারিচালিত যান নছিমন, করিমন ও ইজিবাইকসহ সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে গোপালগঞ্জে আজ শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার এক জরুরি সভা শেষে জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ পরিবহন ধর্মঘটের এই ডাক দেয়। জানা গেছে, আজ ভোর থেকে টুঙ্গিপাড়া, বাঁশবাড়িয়া, কোটালীপাড়া, ভাটিয়াপাড়া, ব্যাসপুরসহ জেলার অভ্যন্তরীণ সব সড়কপথে যান চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জ থেকে ঢাকা, খুলনাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। গোপালগঞ্জের ওপর দিয়ে চলা দক্ষিণবঙ্গের পরিবহনগুলো বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এই সড়কপথে যাতায়াত করা সাধারণ যাত্রীরা।ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরের বাইপাস সড়কে সকালে পিকেটাররা বেশ কয়েকটি নছিমন ও ইজিবাইক ভাঙচুর করেছেন। মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বাধা সৃষ্টি করেন তাঁরা।গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, নছিমন-করিমনসহ সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে গত বুধবার গভীর রাত পর্যন্ত জেলা প্রশাসকের সঙ্গে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের বৈঠক হয়। কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ। তাই গতকাল ঐক্য পরিষদ ধর্মঘটের কর্মসূচি নিয়েছে।