গোপালগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে আজ শুক্রবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে গোপালগঞ্জের সঙ্গে ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়েছে। ধর্মঘট চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা আজ দুইটি টেম্পো ভাঙচুর করেছে। নছিমন-করিমন ও ব্যাটারিচালিত আটোরিকশা চলাচল বন্ধসহ অনান্য দাবিতে জেলার বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্যপরিষদ ধর্মঘটের ডাক দেয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে বাস এলোপাতাড়ি রেখে, গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। তাঁরা দুইটি যাত্রীবাহী টেম্পোও ভাঙচুর করে। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে যাত্রীবাহী বাস-ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে। এ ব্যাপারে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু বলেন, ‘আমাদের দাবিগুলো না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।’ জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, আগামী রোববার একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়েছে। মালিক ও শ্রমিকদের এই বৈঠকে বসে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে।সাইদুর রহমান বাসু এ বৈঠকে বসার আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, ‘আগে দাবি মানতে হবে, তারপর আমরা আলোচনায় বসব। কোনো অবস্থায়ই ধর্মঘট প্রত্যাহার করা হবে না।’