গোপালগঞ্জে ইসলামী ব্যাংকে হামলা, এটিএম বুথ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মাদ্রাসা রোডে ইসলামী ব্যাংকে হামলা ও ব্যাংকটির একটি এটিএম বুথ ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। এ সময় জনতা ওই এটিএম বুথের নিরাপত্তা প্রহরী পলাশকে (২৮) মারধর করেছে বলেও জানা গেছে।আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে হরতালবিরোধী একটি মিছিল থেকে শহরের মাদ্রাসা রোডের ইসলামী ব্যাংকের শাখা ও এটিএম বুথে এই হামলা চালানো হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে হরতালবিরোধী একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের মাদ্রাসা রোড অতিক্রম করার সময় মিছিলে অংশ নেওয়া বেশ কিছু উত্তেজিত জনতা ইসলামী ব্যাংকে হামলা চালায়। একপর্যায়ে তারা ব্যাংকের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে ও এটিএম বুথ ভাঙচুর করে। এ সময় ব্যাংকের গ্রাহকেরা আতঙ্কিত হয়ে ব্যাংকের ছাদে আশ্রয় নেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।গোপালগঞ্জ শাখা ইসলামী ব্যাংকের ম্যানেজার শেখ ফরিদ আহমেদ বলেন, সংঘবদ্ধ একটি দল এসে ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর করেছে। তবে, ব্যাংকের কোনো ক্যাশ খোয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে বর্তমানে ব্যাংকের লেনদেন বন্ধ আছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মো. মতিয়ার রহমান বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।