গোপালগঞ্জে কয়েক কোটি টাকার সম্পদ বেদখল
কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের গোপালগঞ্জ অংশে আটটি মৌজায় রেলের জমির পরিমাণ ১০৪ দশমিক ২১ একর, রয়েছে তিনটি স্টেশন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রভাবশালীরা রেলের সম্পদ দখল করে নিয়েছেন। চোরেরা রেলের পাতসহ মূল্যবান সরঞ্জাম আর লাইনের পাশের বড় বড় গাছ কেটে নিয়েছে। এই দখলদারের তালিকায় সরকারদলীয় নেতা, সরকারি কর্মচারী, আমলা ও তাঁদের পরিবারের সদস্যরাও রয়েছেন।রেলওয়ের আমিন রফিকুল ইসলাম জানান, রেল কর্তৃপক্ষ বেদখল হয়ে যাওয়া জমির পরিমাণ ও দখলদারদের নাম সংগ্রহ শুরু করেছে। গত ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শতাধিক দখলদারকে চিহ্নিত করা হয়েছে। বাকিদের চিহ্নিত করার কাজ চলছে। ২৮ সেপ্টেম্বর কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় গিয়ে দেখা যায়, কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠানের ভিড়ে রেললাইন আর স্টেশন যেন উধাও হয়ে গেছে। স্টেশন-ঘরটির ওপরের চাল নেই। স্টেশনে যাওয়ার রাস্তায় ইটও নেই। স্থানীয় বিমাকর্মী নিজামুল আলম মুরাদ বলেন, ‘স্থানীয় লোকজন এসব খুলে নিয়ে গেছে। রেললাইনের অনেক জায়গায় স্লিপার নেই। কোথাও লাইনই উধাও। খোদ রেললাইনের ওপর গড়ে উঠেছে ব্যবসাপ্রতিষ্ঠান, বসতবাড়ি, খুপরিঘর-বস্তি।’রেলওয়ে সূত্রে জানা গেছে, রেললাইন বন্ধের পর এলাকার প্রভাবশালী ব্যক্তিরা যে যাঁর মতো জমি দখল করে টিনের ঘর থেকে শুরু করে বহুতল পাকা ভবন নির্মাণ করেছেন। স্টেশন এলাকায় স্থাপন করা হয়েছে বাজার। বাজার কমিটি সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে ঘরবাড়ি নির্মাণের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই পথের দুটি স্টেশন এখন বিরানভূমিতে পরিণত হয়েছে। রেলপথের দুই পাশে রেলওয়ের বিভিন্ন স্থাপনা বনজ ও ভূসম্পদের বেশির ভাগই সংশ্লিষ্ট এলাকার প্রভাবশালীদের দখলে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, বাজার কমিটির নির্দেশা অনুযায়ী তাঁরা ঘর তৈরি করে ব্যবসা-বাণিজ্য করছেন। কমিটির নিয়ম অনুযায়ী, টাকা দিয়ে তাঁরা পজেশন নিয়েছেন। তবে তাঁদের কোনো কাগজপত্র দেওয়া হয়নি। তাঁরা জানেন যে এটি রেলের জায়গা। তার পরও ব্যবসার খাতিরে টাকা দিয়ে তাঁদের ঘর ওঠাতে হয়েছে। তাজবির সিনেমা হলের মালিক কাশিয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আ. মান্নানের ছেলে তুহিন শেখ বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়েই রেলের জায়গায় সিনেমা হল করেছি। তিন-চার বছর আগে আমার বাবা রেলওয়ের নামে চালানের মাধ্যমে টাকা দিয়ে জমি বরাদ্দ নিয়েছেন। আমাদের দলিল আছে। তবে রেললাইনের ওপর তোলা জেনারেটর-ঘর রেল চালু হলে সরিয়ে নেব।’ ভাটিয়াপাড়া বাজারের মুদি ব্যবসায়ী ফারুক ফকির বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে দোকানপ্রতি দুই হাজার করে টাকা দিয়েছি। বাজার কমিটি বিভিন্ন দোকান থেকে টাকা তুলে রেলের লোকজনকে দিয়েছিল।’ বিমাকর্মী নিজামুল আলম মুরাদ বলেন, ‘পটু শরিফসহ অনেক প্রভাবশালী ব্যক্তির দোকান আছে এই বাজারে।’ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শরিফ নিজামুল কবীর ওরফে পটু তাঁর একটি দোকানঘর থাকার কথা স্বীকার করে বলেন, ‘জায়গার মালিক কে, তা আমি জানি না। রেলওয়ে বলে তাদের জায়গা। আবার ফুড বলে তাদের জায়গা। তবে জায়গাটা সরকারি। আবার রেল চালু হলে রেলের পাটির ওপর যেসব ঘর আছে ভেঙে দেব। বাকি সব রেলের কাছ থেকে লিজ নিয়ে থাকবে। এখন ব্যবসায়ীরা অবৈধ দখলদার হয়েছে। কিন্দু নদীভাঙনের সময় মানবিক কারণে এখানে বাজার বসেছিল।’সানজিদা সার্জিক্যাল ক্লিনিকের মালিক মো. মুরাদ হোসেন বলেন, ‘সিরাজুল ইসলাম নামে এক লোকের কাছ থেকে এই জায়গা কিনেছি। তিনি কোনো দলিল দেননি। সিরাজুল ইসলাম কিনেছিলেন মামুন শরীফের কাছ থেকে। জানি এটা রেলের জায়গা, আমরা অবৈধ। কিন্তু এখানে বড় বাজার গড়ে উঠেছে। ব্যবসা ভালো। সবাই আছে, তাই আমিও আছি। সবার যা হবে, আমারও তাই হবে।’কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মনসুর হাওলাদার কাশিয়ানী কলেজ রোডে রেলক্রসিংয়ে রেললাইনের পাশে বাড়ি করেছেন। তিনি দাবি করেন, রেলের জায়গায় তাঁর ও তাঁর জামাতা সাইফুল ইসলামের ভবন পড়েনি।ভাটিয়াপাড়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক শরিফ বোরহানুল হক বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা-পয়সা নেই নাই। মানবিক কারণে ভাঙনকবলিত বাজার সরে রেলের জায়গায় আসে। তৎকালীন স্থানীয় প্রশাসনের সম্মতিতেই এসব হয়েছিল। পরে এসব নিয়ে কী হয়েছে না হয়েছে, খোঁজ নিলে সব জানতে পারবেন।’ কাশিয়ানী রেলস্টেশনের দশাও একই। পরিত্যক্ত রলস্টেশনের টিকিটঘরের দরজা খোলা, ভেতরে বেশ কিছু ছোট পাটি পাতা। বারান্দায় একদিকে খড়, আরেক দিকে ময়লার স্তূপ। এর মাঝে কয়েকজন যুবকের জটলা। তাঁরা বসে তাস খেলছেন। তাঁরা জানালেন, টিকিটঘরে সামনের মাদ্রাসার এতিম ছেলেরা পড়াশোনা করে। রেলস্টেশনের উত্তর-পশ্চিম দিকে একটি লম্বা টিনের ঘরে হলুদ সাইন বোর্ড। লেখা কাশিয়ানী রেলস্টেশন আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। অধ্যক্ষ মো. হেমায়েত উল্লাহ জানান, স্থানীয় ব্যক্তিরা ২০০৩ সালে এই মাদ্রাসা ও এতিমখানা স্থাপন করেন। এখন এখানে ছাত্রসংখ্যা ১০-১২ জন। স্টেশনের পশ্চিম পাশে মসজিদ। এর পেছনে আরও একটি এল প্যাটার্নের টিনের ঘর। সেখানে একাংশে বিগত ২০০৬-০৭ অর্থবছরে ইসলামী ফাউন্ডেশনের অর্থায়নে একটি মডেল মসজিদ পাঠাগার হয়েছে।কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল আলী খান ওয়ারেশী জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০৬ একর ২৮ শতাংশ রেলের ভূসম্পত্তি রয়েছে। এখানে রেলের ভূমি উন্নয়ন কর বাকি পড়েছে এক কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৫১০ টাকা। বছর শেষে টাকার হিসাব করে ডিমান্ড পাঠানো হয়। কিন্তু কোনো ফল হয় না। কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা সুভাষ বিশ্বাস রেলের সম্পত্তি বেহাত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ভাটিয়াপাড়া রেলের জায়গা দখল করে বাজার নির্মাণ করা হয়েছে। রেল কর্তৃপক্ষ তাদের জায়গা পেতে কোনো প্রক্রিয়া শুরু করলে বা উচ্ছেদের নোটিশ দিলে স্থানীয় প্রশাসন সহায়তা করবে।